সংযুক্ত আরব আমিরাতে উচ্চশিক্ষা
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সেরা ৯ স্কলারশিপ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৬
মধ্যপ্রাচ্যের অন্যতম অর্থনৈতিক ও প্রযুক্তিগতভাবে অগ্রসর দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার জনপ্রিয় গন্তব্য হয়ে উঠছে। বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, আধুনিক গবেষণা সুবিধা এবং বহুসাংস্কৃতিক পরিবেশের কারণে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান বিদেশি শিক্ষার্থীদের জন্য পূর্ণ ও আংশিক অর্থায়নের একাধিক স্কলারশিপ ঘোষণা করেছে।
এসব স্কলারশিপের আওতায় বিজ্ঞান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রকৌশল, ব্যবসা, চিকিৎসা, বিমানচালনা এবং মানববিদ্যাসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।
সবচেয়ে আকর্ষণীয় স্কলারশিপগুলোর একটি হলো মোহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (MBZUAI) স্কলারশিপ। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এই বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, আবাসন, স্বাস্থ্যবিমা, ভিসা সহায়তা এবং মাসিক ১৫ হাজার থেকে ১৭ হাজার ৫০০ দিরহাম পর্যন্ত ভাতা পান।
গবেষণাধর্মী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে খলিফা ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফুল ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে। এতে টিউশন ফি, স্বাস্থ্যবিমা, মাসিক ভাতা এবং আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের সুযোগ রয়েছে। এছাড়া মেধার ভিত্তিতে আংশিক স্কলারশিপও দেওয়া হয়।
আবুধাবি ইউনিভার্সিটি (ADU) ব্যবসা, প্রকৌশল ও স্থাপত্যসহ বিভিন্ন বিষয়ে মেধাভিত্তিক পূর্ণ ও আংশিক স্কলারশিপ প্রদান করছে। একইভাবে সংযুক্ত আরব আমিরাত বিশ্ববিদ্যালয় (UAE University) স্নাতক পর্যায়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের অর্থায়নের সুযোগ রেখেছে।
বিমানচালনা বিষয়ে আগ্রহীদের জন্য এমিরেটস অ্যাভিয়েশন ইউনিভার্সিটি মেধাভিত্তিক স্কলারশিপ দিচ্ছে। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের এভিয়েশন শিক্ষা ও প্রশিক্ষণের জন্য পরিচিত।
এ ছাড়া জায়েদ ইউনিভার্সিটি, আমেরিকান ইউনিভার্সিটি ইন দুবাই (AUD) এবং কানাডিয়ান ইউনিভার্সিটি দুবাই (CUD) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পূর্ণ ও আংশিক স্কলারশিপ চালু রেখেছে। এসব স্কলারশিপে শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল, নেতৃত্বগুণ এবং সামাজিক কর্মকাণ্ডকে গুরুত্ব দেওয়া হয়।
অন্যদিকে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম গ্লোবাল ইনিশিয়েটিভস স্কলারশিপ-এর আওতায় যোগ্য শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০০ শতাংশ টিউশন ফি সহায়তা পেতে পারেন। তবে অন্যান্য ব্যক্তিগত ব্যয় শিক্ষার্থীকে বহন করতে হয়।
শিক্ষাবিদদের মতে, ইউএইর এসব স্কলারশিপ শুধু উচ্চশিক্ষার সুযোগই নয়, গবেষণা, উদ্ভাবন, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং বৈশ্বিক কর্মবাজারে দক্ষতা অর্জনেরও সুযোগ তৈরি করছে। প্রযুক্তি, ব্যবসা, চিকিৎসা বা বিমানচালনা—যে ক্ষেত্রেই আগ্রহ থাকুক না কেন, আন্তর্জাতিক ক্যারিয়ার গড়তে ইউএই হতে পারে সম্ভাবনাময় একটি গন্তব্য।
সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস (টিডিসি)



