কোচি ইউনিভার্সিটি অব টেকনোলজি
জাপানে পূর্ণ অর্থায়নে পিএইচডি করার সুযোগ
আবেদন করা যাবে ১৬ অক্টোবর পর্যন্ত
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২৬
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পূর্ণ অর্থায়নে পিএইচডি করার সুযোগ দিচ্ছে জাপানের কোচি ইউনিভার্সিটি অব টেকনোলজি। বিশ্ববিদ্যালয়টি তাদের ‘স্পেশাল স্কলারশিপ প্রোগ্রাম-২০২৭’-এর আওতায় বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। বাংলাদেশিসহ যেকোনো দেশের যোগ্য শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি মওকুফসহ বিভিন্ন আর্থিক সুবিধা পাবেন। আবেদনের জন্য কোনো ধরনের ফি দিতে হবে না। গবেষণামুখী ও মেধাবী শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের গবেষণায় সম্পৃক্ত করার লক্ষ্যেই এই কর্মসূচি পরিচালনা করছে বিশ্ববিদ্যালয়টি।
তিন বছর মেয়াদি এই পিএইচডি প্রোগ্রামে শিক্ষার্থীরা এপ্রিল অথবা অক্টোবর সেশনে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত কোচি ইউনিভার্সিটি অব টেকনোলজি জাপানের অন্যতম স্বনামধন্য সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত।
যেসব সুবিধা পাওয়া যাবে
নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন—
- ভর্তি ফি সম্পূর্ণ মওকুফ
- নিবন্ধন ফি মওকুফ
- সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
- জীবনযাপনের জন্য প্রাথমিক ভাতা
- মাসিক স্টাইপেন্ড
- যাতায়াত ব্যয়ের সহায়তা
গবেষণার ক্ষেত্র
নিম্নোক্ত বিষয়ে পিএইচডি গবেষণার সুযোগ রয়েছে—
- ইন্টেলিজেন্ট মেকানিক্যাল অ্যান্ড অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং
- ইলেকট্রনিক অ্যান্ড ফোটোনিক ইঞ্জিনিয়ারিং
- আর্কিটেকচার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন
- ইঞ্জিনিয়ারিং সায়েন্স
- ইনফরমেটিকস
- ডেটা অ্যান্ড ইনোভেশন
- ইকোনমিকস অ্যান্ড ম্যানেজমেন্ট
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনকারীদের নিম্নোক্ত নথিপত্র প্রস্তুত রাখতে হবে—
- প্রি-অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট ফরম
- অনলাইন আবেদনপত্র
- বৈধ পাসপোর্টের কপি
- জীবনবৃত্তান্ত (সিভি বা রেজুমে)
- ইংরেজি ভাষায় দক্ষতার সনদ
- গবেষণা প্রস্তাবনা (রিসার্চ প্রপোজাল)
- কভার লেটার
- পার্সোনাল স্টেটমেন্ট
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে যেকোনো দেশের নাগরিক হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে অথবা ডিগ্রি সম্পন্ন হওয়ার শেষ পর্যায়ে থাকতে হবে। ভর্তির সময় আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
এ ছাড়া ভালো একাডেমিক ফলাফল, গবেষণার অভিজ্ঞতা এবং ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। আবেদন করার আগে সম্ভাব্য সুপারভাইজারের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক।
পিএইচডি ডিগ্রি সম্পন্ন করতে শিক্ষার্থীদের তিন বছর অধ্যয়ন, নির্ধারিত ক্রেডিট অর্জন, চূড়ান্ত গবেষণা প্রতিরক্ষা সফলভাবে সম্পন্ন এবং অন্তত একটি স্বনামধন্য পিয়ার-রিভিউড জার্নালে গবেষণাপত্র প্রকাশের শর্ত পূরণ করতে হবে।
আবেদন পদ্ধতি
আবেদনের শুরুতে স্পেশাল স্কলারশিপ প্রোগ্রামের তালিকা থেকে একটি গবেষণা প্রকল্প নির্বাচন করতে হবে। এরপর সংশ্লিষ্ট প্রকল্প ব্যবস্থাপক বা সম্ভাব্য সুপারভাইজারের কাছে ই-মেইলের মাধ্যমে প্রি-অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট ফরম পাঠিয়ে অনুমোদন নিতে হবে।
অনুমোদন পাওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্রসহ পূর্ণাঙ্গ আবেদন জমা দিতে হবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৬।



