ট্রাম্পকে বড় ধাক্কা

আমেরিকায় জন্ম মানেই নাগরিক, ট্রাম্পের আইনি পরাজয়

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৬

আমেরিকায় জন্ম নেওয়া শিশুদের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় ধাক্কা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আদালত রায় দিয়েছেন, কোনো প্রেসিডেন্ট নির্বাহী আদেশের মাধ্যমে সংবিধানপ্রদত্ত জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করতে পারেন না। ৬-৩ ভোটে দেওয়া এই রায়কে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির ক্ষেত্রে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার দেওয়া রায়ে প্রধান বিচারপতি জন রবার্টস বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী, যে কেউ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছে এবং দেশটির আইনের আওতায় রয়েছে, সে জন্মসূত্রেই যুক্তরাষ্ট্রের নাগরিক। সংবিধানে নাগরিকত্বের ক্ষেত্রে বাবা-মায়ের বৈধতা, অভিবাসন অবস্থান বা অস্থায়ী বসবাসের মতো কোনো শর্ত উল্লেখ নেই।

রায়ে ১৮৯৮ সালের ঐতিহাসিক Wong Kim Ark মামলার নজিরও তুলে ধরা হয়। আদালত বলেন, সেই রায়ের পর থেকেই যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রায় সব শিশুকেই নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়ে আসছে।

প্রধান বিচারপতির সঙ্গে একমত হয়েছেন বিচারপতি অ্যামি কনি ব্যারেট এবং উদারপন্থি বিচারপতি সোনিয়া সোটোমায়র, এলেনা কাগান ও কেটানজি ব্রাউন জ্যাকসন। তবে রায়ের বিরোধিতা করেছেন রক্ষণশীল বিচারপতি স্যামুয়েল আলিটো, ক্লারেন্স থমাস ও নিল গরসাচ।

ভিন্নমতে বিচারপতি আলিটো বলেন, এটি আদালতের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং তার মতে আদালত গুরুতর ভুল করেছে।

অন্যদিকে বিচারপতি ক্লারেন্স থমাস প্রায় ১০০ পৃষ্ঠার ভিন্নমতে দাবি করেন, এই রায় ১৪তম সংশোধনীর মূল উদ্দেশ্যকে বিকৃত করেছে। তার মতে, সংশোধনীটি মূলত দাসপ্রথা-পরবর্তী আফ্রিকান-আমেরিকানদের নাগরিকত্ব নিশ্চিত করার জন্য প্রণীত হয়েছিল।

এর জবাবে বিচারপতি কেটানজি ব্রাউন জ্যাকসন বলেন, থমাসের ব্যাখ্যা সংবিধানের সমঅধিকারের নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং তা কৃষ্ণাঙ্গ ও অভিবাসীদের পরস্পরের মুখোমুখি দাঁড় করায়।

এদিকে বিচারপতি ব্রেট ক্যাভানাও আংশিক ভিন্নমত দিয়ে বলেন, নির্বাহী আদেশটি সংবিধানের পরিবর্তে ১৯৫২ সালের নাগরিকত্ব আইন অনুযায়ী বাতিল হওয়া উচিত ছিল। একই সঙ্গে তিনি মত দেন, ভবিষ্যতে চাইলে কংগ্রেস নতুন আইন প্রণয়নের মাধ্যমে নাগরিকত্ব বিষয়ে নীতিগত পরিবর্তন আনতে পারে।

রায়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, কংগ্রেস চাইলে জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে নতুন আইন পাস করতে পারে। তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এবং দেশটির আইনের আওতায় থাকা শিশুদের নাগরিকত্ব নির্বাহী আদেশ দিয়ে বাতিল করার সুযোগ নেই, বাবা-মায়ের অভিবাসন অবস্থান যাই হোক না কেন।

বিশ্লেষকদের মতে, এই রায় ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির জন্য বড় ধাক্কা। এর আগে সুপ্রিম কোর্ট ট্রাম্পের বৈদেশিক বাণিজ্যে শুল্ক আরোপের ক্ষমতা সীমিত করা এবং ফেডারেল রিজার্ভের স্বাধীনতা বজায় রাখার পক্ষেও রায় দিয়েছিল। তবে কিছু ক্ষেত্রে আদালত প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার পরিধিও বাড়িয়ে দিয়েছে।