অভিবাসীদের জন্য বড় সুখবর
স্পেনে ৬ লাখের বেশি মানুষ পেলেন কাজের অনুমতি
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৬
স্পেনের সাধারণ ক্ষমা (Regularization) কর্মসূচির আওতায় ৬ লাখের বেশি অভিবাসীকে অস্থায়ী কাজের অনুমতি দিয়েছে দেশটির সরকার। এর ফলে আবেদন প্রক্রিয়া চলাকালেই তারা আনুষ্ঠানিকভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন, যা স্পেনের শ্রমবাজার ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
সরকারি তথ্য অনুযায়ী, মোট ১১ লাখ ৭০ হাজার আবেদনকারীর মধ্যে ৬ লাখ ৯ হাজার ৭৩৭ জনকে ইতোমধ্যে অস্থায়ী কাজের অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া প্রায় ১ লাখ ৬০ হাজার আবেদনকারী ইতোমধ্যে আনুষ্ঠানিক চাকরিতে যোগ দিয়েছেন। পাশাপাশি ১১ হাজার ব্যক্তিকে এক বছরের আবাসিক অনুমতিও দেওয়া হয়েছে।
সরকারের ঘোষণা অনুযায়ী, ২০২৫ সালের শেষের আগে অন্তত পাঁচ মাস স্পেনে বসবাস করেছেন এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নন—এমন অভিবাসীরা এই কর্মসূচির আওতায় এক বছরের নবায়নযোগ্য আবাসিক অনুমতি পাওয়ার সুযোগ পাচ্ছেন।
গত ১৬ এপ্রিল আবেদন গ্রহণ শুরু হয়ে ৩০ জুন শেষ হয়। সরকারের প্রাথমিক ধারণা ছিল প্রায় ৫ লাখ আবেদন জমা পড়বে। তবে শেষ পর্যন্ত আবেদনকারীর সংখ্যা ১১ লাখের বেশি হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তারা এটিকে প্রত্যাশার চেয়েও বড় সাড়া বলে উল্লেখ করেছেন। আবেদনকারীদের বড় একটি অংশ এসেছে লাতিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে।
স্পেন সরকার জানিয়েছে, নির্মাণ, পর্যটন, পরিবহন ও সেবা খাতে শ্রমিকের চাহিদা পূরণে অভিবাসীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। এর মাধ্যমে বৈধভাবে শ্রমবাজারে অভিবাসীদের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, আবেদনকারীদের প্রায় ৮১ শতাংশের বয়স ৪৫ বছরের নিচে এবং মোট আবেদনকারীর ৫৭ শতাংশ পুরুষ।
বিশ্লেষকদের মতে, এই সাধারণ ক্ষমা কর্মসূচি শুধু অভিবাসীদের বৈধ কর্মসংস্থানের সুযোগই তৈরি করছে না, বরং স্পেনের শ্রমবাজারে জনবল সংকট মোকাবিলা এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় তাদের অন্তর্ভুক্ত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



