জন্মহার বৃদ্ধিতে নতুন উদ্যোগ

মা-বাবাকে অতিরিক্ত ছুটি দেবে ফ্রান্স

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৬

দেশে ক্রমহ্রাসমান জন্মহার মোকাবিলায় নতুন উদ্যোগ নিয়েছে ফ্রান্স। মা ও বাবা—উভয়ের জন্যই অতিরিক্ত বেতনসহ ছুটির ব্যবস্থা করে নতুন আইন কার্যকর করেছে দেশটির সরকার।

এএফপি-র প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আইনের আওতায় বিদ্যমান মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটির পাশাপাশি অভিভাবকরা নিজেদের মধ্যে অতিরিক্ত এক বা দুই মাসের ছুটি ভাগ করে নিতে পারবেন। এ সময় প্রথম মাসে তারা বেতনের ৭০ শতাংশ এবং দ্বিতীয় মাসে ৬০ শতাংশ পাবেন।

বর্তমান ব্যবস্থায় প্রথম সন্তানের ক্ষেত্রে মায়েরা প্রায় চার মাসের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি পান। অন্যদিকে বাবারা সন্তানের জন্মের পর ২৮ দিনের পিতৃত্বকালীন ছুটি ভোগের সুযোগ পান। নতুন আইন এই সুবিধার পরিধি আরও বাড়িয়েছে।

সরকার জানিয়েছে, ২০২৬ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্ম নেওয়া শিশুদের অভিভাবকদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে। এছাড়া দত্তক নেওয়া শিশুর অভিভাবকরাও একই সুবিধা পাবেন।

শুধু ফ্রান্স নয়, ইউরোপজুড়েই জন্মহার কমে যাওয়ায় বিষয়টি নীতিনির্ধারকদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে পরিবারকে আরও বেশি সহায়তা দিয়ে সন্তান জন্মদানে উৎসাহিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে ফরাসি সরকার। প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এর আগেও জন্মহার বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

তবে নতুন এই আইনের সমালোচনাও করেছেন দেশটির নারীবাদী সংগঠনগুলো। তাদের দাবি, এই সংস্কার লিঙ্গসমতা নিশ্চিত করতে যথেষ্ট নয়। কারণ তুলনামূলক কম আয় করেন এমন অভিভাবকই অতিরিক্ত ছুটি নেওয়ার সম্ভাবনা বেশি, আর অধিকাংশ ক্ষেত্রে সেই ব্যক্তি নারী হওয়ায় কর্মক্ষেত্রে নারীদের ওপর এর প্রভাব বেশি পড়তে পারে বলে তাদের আশঙ্কা।