সৌদির ই-ভিসা তালিকা প্রকাশ, তালিকায় নেই বাংলাদেশ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৬
সৌদি আরব ২০২৬ সালের হালনাগাদ ইলেকট্রনিক (ই-ভিসা) ব্যবস্থা চালু করেছে। নতুন এই ব্যবস্থার আওতায় বিশ্বের ৬৬টি দেশের নাগরিক অনলাইনে আবেদন করে সহজেই সৌদি আরবে প্রবেশের অনুমতি পাবেন।
তবে নতুন তালিকায় বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার কোনো দেশ স্থান পায়নি। পাশাপাশি ইন্দোনেশিয়া, মিসরসহ কয়েকটি মুসলিমপ্রধান দেশও এই সুবিধার বাইরে রয়েছে।
সৌদি পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে, এই মাল্টিপল-এন্ট্রি ই-ভিসার মাধ্যমে ভ্রমণকারীরা একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করতে পারবেন। ভিসাটি পর্যটন, পরিবার পরিদর্শন এবং ওমরাহ পালনের জন্য ব্যবহার করা যাবে।
নতুন ডিজিটাল প্ল্যাটফর্মে আবেদনকারীরা অনলাইনে আবেদনপত্র পূরণ, প্রয়োজনীয় তথ্য জমা এবং ফি পরিশোধের মাধ্যমে দ্রুত ভিসা সংগ্রহ করতে পারবেন। এতে আগের তুলনায় ভিসা প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে।
তবে সৌদি কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, হজ পালন বা পড়াশোনার উদ্দেশ্যে এই ই-ভিসা ব্যবহার করা যাবে না। এসব ক্ষেত্রে আগের মতোই পৃথক ভিসা প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
পর্যটন খাতকে আরও সম্প্রসারণ এবং আন্তর্জাতিক ভ্রমণকারীদের আকৃষ্ট করতেই সৌদি আরব এই নতুন ই-ভিসা ব্যবস্থা চালু করেছে।



