আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য জার্মানির গ্রীষ্মকালীন কোর্সে আবেদন আহ্বান

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৬

জার্মানিতে উচ্চশিক্ষা ও ভাষা শেখার আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুখবর। জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস (DAAD) বিদেশি শিক্ষার্থী ও স্নাতকদের জন্য গ্রীষ্মকালীন (Summer Course) প্রোগ্রামে আবেদন গ্রহণ শুরু করেছে। এই কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা জার্মান ভাষা, প্রযুক্তিগত ভাষা এবং আঞ্চলিক অধ্যয়ন বিষয়ে দক্ষতা বাড়ানোর সুযোগ পাবেন।

এই স্কলারশিপে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে স্নাতক পর্যায়ের আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে দুই বছরের পড়াশোনা সম্পন্ন করতে হবে। সব বিষয়ের শিক্ষার্থীদের জন্য আবেদন উন্মুক্ত রয়েছে।

কোর্সগুলো সম্পূর্ণ জার্মান ভাষায় পরিচালিত হবে এবং এতে সরাসরি (অন-ক্যাম্পাস) উপস্থিতি বাধ্যতামূলক। অনলাইনে অংশগ্রহণের সুযোগ রাখা হয়নি। প্রতিটি কোর্সের মেয়াদ চার সপ্তাহ। সপ্তাহে সর্বোচ্চ পাঁচ দিন ক্লাস হবে এবং মোট অন্তত ২৫ ঘণ্টা পাঠদান নিশ্চিত করা হবে। কোর্সগুলো জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে অনুষ্ঠিত হবে।

স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের ভাষা কোর্সের সম্পূর্ণ খরচ বহন করা হবে। পাশাপাশি দেওয়া হবে একক কক্ষের আবাসন, যা ছাত্রাবাস, শেয়ারড অ্যাপার্টমেন্ট অথবা ব্যক্তিগত বাসায় হতে পারে।

এ ছাড়া অংশগ্রহণকারীরা এককালীন ৪৭৫ ইউরো ভাতা, দেশভিত্তিক ভ্রমণ ভাতা, এবং স্বাস্থ্য, দুর্ঘটনা ও ব্যক্তিগত দায়বদ্ধতা (Liability) বীমা সুবিধা পাবেন। তবে ভাতা ও ভ্রমণ খরচ সরাসরি শিক্ষার্থীর ব্যাংক হিসাবে পাঠানো হবে না। সংশ্লিষ্ট কোর্স পরিচালনাকারী প্রতিষ্ঠান অংশগ্রহণকারীদের হাতে নগদ অর্থ প্রদান করবে।

DAAD জানিয়েছে, আবেদনকারীদের মূল্যায়ন করবে একটি বিশেষ নির্বাচন কমিটি। নির্বাচনের ক্ষেত্রে পূর্ববর্তী একাডেমিক ফলাফল এবং মোটিভেশন লেটার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আবেদনপত্রে কোন কোর্সে অংশ নিতে চান এবং ভবিষ্যতে সেই অভিজ্ঞতা কীভাবে একাডেমিক বা পেশাগত জীবনে কাজে লাগাবেন, তা স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

জার্মানিতে ভাষা শিক্ষা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ইউরোপের শিক্ষা ব্যবস্থার সঙ্গে পরিচিত হওয়ার জন্য DAAD-এর এই সামার কোর্স আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।