কানাডায় অভিভাবক ও দাদা-দাদির আবেদন স্থগিত

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬

কানাডা সরকার প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ডপ্যারেন্টস প্রোগ্রাম (PGP)–এর আওতায় নতুন অভিবাসন আবেদন গ্রহণ আপাতত স্থগিত করেছে। দেশটির ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (IRCC) জানিয়েছে, নতুন স্পন্সর আবেদন গ্রহণ বন্ধ থাকলেও ইতোমধ্যে জমা পড়া আবেদনগুলো আগের নিয়মেই প্রক্রিয়াধীন থাকবে।

আইআরসিসির তথ্য অনুযায়ী, আগামী বছর সর্বোচ্চ ১৫ হাজার আবেদনকারীকে এই কর্মসূচির আওতায় স্থায়ী বসবাসের (Permanent Residence) অনুমতি দেওয়া হবে।

কানাডা সরকার জানিয়েছে, পরিবার পুনর্মিলন দেশটির অভিবাসন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। যেসব অভিভাবক বা দাদা-দাদি স্থায়ীভাবে অভিবাসনের সুযোগ পাচ্ছেন না, তারা সুপার ভিসা (Super Visa)–এর মাধ্যমে দীর্ঘ সময়ের জন্য কানাডায় সন্তান ও নাতি-নাতনিদের সঙ্গে থাকতে পারেন।

বর্তমান নিয়ম অনুযায়ী, সুপার ভিসায় একবারে সর্বোচ্চ পাঁচ বছর কানাডায় অবস্থান করা যায় এবং ১০ বছরের মধ্যে একাধিকবার দেশটিতে প্রবেশের সুযোগ পাওয়া যায়। সম্প্রতি সুপার ভিসার আয়ের শর্ত এবং স্বাস্থ্যবীমা সংক্রান্ত কিছু নিয়ম সহজ করায় এই ভিসা আরও সহজলভ্য হয়েছে।

আইআরসিসি জানিয়েছে, প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ডপ্যারেন্টস প্রোগ্রামে আবেদনকারীর সংখ্যা বরাদ্দকৃত কোটার তুলনায় অনেক বেশি হওয়ায় নতুন স্পন্সর ফর্ম গ্রহণ এবং সম্ভাব্য স্পন্সরদের আমন্ত্রণ আপাতত বন্ধ রাখা হয়েছে। এর মাধ্যমে বিদ্যমান আবেদনগুলোর নিষ্পত্তি দ্রুত করা এবং আবেদন প্রক্রিয়াকে আরও পূর্বানুমানযোগ্য করার লক্ষ্য রয়েছে।

এদিকে, কানাডার অভিবাসন কর্তৃপক্ষ সম্প্রতি বিয়ের মাধ্যমে অভিবাসন প্রতারণা সম্পর্কে সতর্ক করেছে। দ্রুত বিয়ের চাপ, ব্যক্তিগত তথ্য গোপন করা, একাধিক বিয়ের ইতিহাস বা অল্প পরিচয়ে বিয়ের প্রস্তাব—এ ধরনের বিষয়গুলো প্রতারণার ইঙ্গিত হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। আবেদনকারীদের যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।