উচ্চশিক্ষায় বড় সুখবর, বছরে ৫০০ বৃত্তি দেবে সৌদি আরব
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি বৃত্তি (স্কলারশিপ) দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব সরকার। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা ও মুখপাত্র ড. মাহদি আমিন–এর সঙ্গে এক বৈঠকে সৌদি রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে শিক্ষা, অর্থনীতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী সৌদি আরব।
বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতে সৌদি আরবের সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রদূত বলেন, সৌদি সরকার ইতোমধ্যে প্রতি বছর ৫০০টি বৃত্তি বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এছাড়া বৈঠকে দক্ষ বাংলাদেশি জনশক্তির জন্য সৌদি শ্রমবাজারে আরও সুযোগ সৃষ্টি, নিয়োগ প্রক্রিয়া সহজ করা এবং কর্মী পাঠানোর ক্ষেত্রে বিদ্যমান জটিলতা দূর করার বিষয়েও আলোচনা হয়। উভয় পক্ষ এসব বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।
হজ ও ওমরাহ ব্যবস্থাপনা, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদার এবং নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরির বিষয়েও মতবিনিময় হয়।
বর্তমানে প্রায় ৩৮ লাখ বাংলাদেশি সৌদি আরবে বসবাস করছেন। তারা সৌদি আরবের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি দেশে পাঠানো রেমিট্যান্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তবে উল্লেখ্য, স্কলারশিপের আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, বিষয়ভিত্তিক কোটা এবং আবেদন শুরুর তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এসব তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তীতে জানাবে।



