স্বাস্থ্য, আইটি ও পর্যটনে কর্মী খুঁজছে সাইপ্রাস
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬
ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্র সাইপ্রাসে স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি, পর্যটন ও নির্মাণসহ বিভিন্ন খাতে দক্ষ কর্মীর চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জনসংখ্যার বার্ধক্য, পর্যটন শিল্পের সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর খাতের বিকাশের কারণে দেশটিতে বর্তমানে বিভিন্ন পেশায় কর্মী সংকট দেখা দিয়েছে।
ইউরোফাউন্ডের ২০২৫ সালের শ্রমবাজার বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে সাইপ্রাসে ৬৩টি পেশায় শ্রমিকের ঘাটতি এবং ১১টি পেশায় উদ্বৃত্ত রয়েছে।
সবচেয়ে বেশি চাহিদা রয়েছে নার্স, মিডওয়াইফ, সফটওয়্যার ডেভেলপার, ওয়েব ডেভেলপার, সিস্টেম অ্যানালিস্ট, আইসিটি বিক্রয়কর্মী, মেডিকেল ইমেজিং টেকনিশিয়ান, ওয়েটার এবং বাসচালকদের।
এ ছাড়া পর্যটন, খুচরা ব্যবসা ও নির্মাণ খাতেও কর্মী প্রয়োজন। এসব খাতের চাহিদাসম্পন্ন পেশার মধ্যে রয়েছে রেস্টুরেন্ট ম্যানেজার, শেফ, হিসাবরক্ষক, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক ও মেকানিক্যাল টেকনিশিয়ান, দোকানের বিক্রয়কর্মী এবং ক্যাশিয়ার।
নির্মাণ ও শিল্প খাতে বিল্ডার, ওয়েল্ডার, এয়ার কন্ডিশনিং ও রেফ্রিজারেশন টেকনিশিয়ান, ভারী যানবাহনের চালক, পরিচ্ছন্নতাকর্মী এবং কৃষি ও মৎস্য খাতের শ্রমিকদের চাহিদাও বাড়ছে।
বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যসেবার বাড়তি চাহিদা, পর্যটন শিল্পের প্রসার এবং সবুজ জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধির কারণে আগামী বছরগুলোতে এসব পেশায় কর্মসংস্থানের সুযোগ আরও বাড়তে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে শ্রমবাজারে ভারসাম্যহীনতা রয়েছে। তাই দক্ষ কর্মীদের সীমান্ত পেরিয়ে কর্মসংস্থানে উৎসাহ দেওয়া, যোগ্যতার স্বীকৃতি সহজ করা এবং কারিগরি প্রশিক্ষণে বিনিয়োগ বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, প্রয়োজনীয় দক্ষতা, ভাষাজ্ঞান এবং বৈধ কাজের অনুমতি থাকলে বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সাইপ্রাসে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।



