গ্রিসে সাড়ে ৩ লাখ কর্মীর চাহিদা, বিদেশি নিয়োগে জোর দিচ্ছে সরকার
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬
জনসংখ্যার বার্ধক্য ও অর্থনীতির সম্প্রসারণের কারণে গ্রিসে দক্ষ ও অদক্ষ—উভয় ধরনের কর্মীর চাহিদা দ্রুত বাড়ছে। বর্তমানে দেশটিতে প্রায় ৮৫ হাজার শূন্যপদ রয়েছে। আগামী কয়েক বছরে এই চাহিদা পূরণে প্রায় সাড়ে তিন লাখ বিদেশি কর্মী প্রয়োজন হবে বলে বিভিন্ন শ্রমবাজার বিশ্লেষণে উঠে এসেছে।
এই সংকট মোকাবিলায় গ্রিস সরকার বিভিন্ন দেশের সঙ্গে শ্রমিক নিয়োগে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে, যাতে বৈধ উপায়ে বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া যায়।
পর্যটন, কৃষি, নির্মাণ, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি, আতিথেয়তা ও উৎপাদন শিল্পে সবচেয়ে বেশি কর্মীর প্রয়োজন রয়েছে। বিশেষ করে হোটেল, রেস্তোরাঁ, নির্মাণকাজ, নার্সিং এবং কারিগরি পেশায় দক্ষ জনবল নিয়োগে আগ্রহী গ্রিক নিয়োগকর্তারা।
বিদেশি কর্মীদের জন্য গ্রিসে স্বল্পমেয়াদি (টাইপ–সি) এবং দীর্ঘমেয়াদি (টাইপ–ডি) ভিসার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি দক্ষ পেশাজীবীদের জন্য ইইউ ব্লু কার্ড, ডিজিটাল নোম্যাড ভিসা, টেক ভিসা, ট্যালেন্ট ভিসা এবং বিশেষ কারিগরি কর্মীদের জন্য পৃথক ভিসা চালু করা হয়েছে।
এ ছাড়া কৃষি, পর্যটন, নির্মাণ ও উৎপাদন খাতে মৌসুমি কর্মীদের জন্যও বিশেষ ভিসা রয়েছে। নতুন আইনের আওতায় বছরে ৯৪ হাজারের বেশি মৌসুমি বিদেশি কর্মী নিয়োগের সুযোগ রাখা হয়েছে।
গ্রিসে বৈধভাবে কর্মরত বিদেশিরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে কর-সুবিধা, পরিবার পুনর্মিলনের সুযোগ এবং কয়েক বছর কাজের পর স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারেন।
বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজনীয় দক্ষতা, ভাষাজ্ঞান এবং বৈধ চাকরির অফার থাকলে বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য গ্রিসের শ্রমবাজারে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।



