বেলজিয়ামে স্থায়ী বসবাসের অনুমতি পেতে যা যা লাগবে

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৬

ইউরোপের অন্যতম উন্নত দেশ বেলজিয়ামে দীর্ঘদিন ধরে বৈধভাবে বসবাসরত বিদেশিদের জন্য স্থায়ী আবাসনের (Permanent Residence) সুযোগ রয়েছে। নাগরিকত্ব গ্রহণ না করেও দীর্ঘমেয়াদে দেশটিতে বসবাস, কাজ এবং বিভিন্ন সামাজিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ একটি ধাপ। বিশেষ করে অ-ইইউ (Non-EU) নাগরিকদের জন্য নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে এ অনুমতি দেওয়া হয়।

স্থায়ী আবাসনের জন্য আবেদনকারীদের কমপক্ষে পাঁচ বছর বৈধভাবে বেলজিয়ামে বসবাস করতে হবে। এই সময়ে দেশটির বাইরে দীর্ঘদিন অবস্থান করা যাবে না। একটানা ছয় মাসের বেশি বিদেশে থাকা অনুমোদিত নয় এবং পুরো পাঁচ বছরে মোট অনুপস্থিতি ১২ মাসের বেশি হওয়া যাবে না। তবে সামরিক দায়িত্ব, গুরুতর অসুস্থতা, গর্ভধারণ, সন্তান জন্ম, উচ্চশিক্ষা বা চাকরির মতো বিশেষ পরিস্থিতিতে এ নিয়মের ব্যতিক্রম হতে পারে।

আবেদনকারীর বৈধ বসবাসের অনুমতি থাকতে হবে। পাশাপাশি নিয়মিত ও পর্যাপ্ত আয়ের প্রমাণ, স্বাস্থ্যবীমা এবং গুরুতর অপরাধে দণ্ডিত না হওয়ার শর্ত পূরণ করতে হবে।

আবেদন স্থানীয় কমিউন (Commune) বা পৌর প্রশাসনের মাধ্যমে করতে হয়। অধিকাংশ ক্ষেত্রে আবেদনকারীকে সরাসরি উপস্থিত হয়ে আবেদন জমা দিতে হয়, যদিও কিছু এলাকায় অনলাইনেও আবেদন গ্রহণ করা হয়।

আবেদনের জন্য সাধারণত বৈধ পাসপোর্ট, গত পাঁচ বছরের বসবাসের প্রমাণ, স্বাস্থ্যবীমার নথি, আয়-সংক্রান্ত কাগজপত্র এবং পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয়। আবেদন পাওয়ার পর স্থানীয় কমিউন তা ইমিগ্রেশন অফিসে পাঠায়। সাধারণত পাঁচ মাসের মধ্যে আবেদন নিষ্পত্তি করা হয়। অনুমোদন মিললে আবেদনকারী স্থায়ী আবাসনের কার্ড সংগ্রহ করতে পারেন।

অ-ইইউ নাগরিকদের জন্য বেলজিয়ামে বিভিন্ন ধরনের আবাসন কার্ড রয়েছে। এর মধ্যে B কার্ড পাঁচ বছরের বৈধ বসবাসের পর পাওয়া যায় এবং এতে আলাদা ওয়ার্ক পারমিটের প্রয়োজন হয় না। K কার্ড দীর্ঘমেয়াদি স্থায়ী বাসিন্দাদের জন্য ১০ বছরের বৈধতা নিয়ে ইস্যু করা হয়। অন্যদিকে L কার্ড দীর্ঘমেয়াদি ইইউ রেসিডেন্ট স্ট্যাটাসের জন্য দেওয়া হয়, যেখানে নিয়মিত আয়, স্বাস্থ্যবীমা এবং পাঁচ বছরের বৈধ বসবাসের প্রমাণ দেখাতে হয়।

ইইউ নাগরিকরা পাঁচ বছর বৈধভাবে বসবাসের পর স্থায়ী আবাসনের অধিকার অর্জন করেন। তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট রেসিডেন্স কার্ড সংগ্রহ করতে হয়।

একবার স্থায়ী আবাসনের অনুমতি পাওয়া গেলে তা সহজে বাতিল হয় না। তবে গুরুতর অপরাধে দণ্ডিত হওয়া, টানা দুই বছরের বেশি সময় বেলজিয়ামের বাইরে অবস্থান করা বা ভুয়া তথ্য দিয়ে অনুমতি নেওয়ার প্রমাণ মিললে কর্তৃপক্ষ সেই অনুমতি বাতিল করতে পারে।