পাঁচ সপ্তাহে ৫৩ হাজারের বেশি বিদেশিকে বহিষ্কার করল দক্ষিণ আফ্রিকা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৬
অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে অভিযান জোরদার করেছে দক্ষিণ আফ্রিকা। দেশটির সরকার জানিয়েছে, গত পাঁচ সপ্তাহে পরিচালিত বিশেষ অভিযানে ৫৩ হাজার ৪৯৯ জন বিদেশি নাগরিককে বহিষ্কার করা হয়েছে অথবা নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন মালাউই, জিম্বাবুয়ে ও মোজাম্বিকের নাগরিক।
প্রিটোরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার বিচার ও সাংবিধানিক উন্নয়নমন্ত্রী মামোলোকো কুবায়ী বলেন, সরকার একটি সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে একদিকে জনসাধারণের উদ্বেগের বিষয়গুলো গুরুত্ব পাবে, অন্যদিকে অভিবাসীদের মানবাধিকার ও মর্যাদাও নিশ্চিত করা হবে।
সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন শহরে অভিবাসনবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের অভিযোগ, অবৈধ অভিবাসনের কারণে বেকারত্ব বৃদ্ধি, অপরাধ এবং জনসেবার ওপর চাপ তৈরি হচ্ছে। তারা সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অবৈধভাবে অবস্থানকারীদের দ্রুত বহিষ্কারের দাবি জানান। এ সময় কয়েকটি এলাকায় সহিংসতা, ভীতি প্রদর্শন এবং লুটপাটের ঘটনাও ঘটে।
বিক্ষোভকারীরা ৩০ জুন পর্যন্ত অবৈধ অভিবাসীদের দেশ ছাড়ার আহ্বান জানিয়ে একটি অনানুষ্ঠানিক সময়সীমাও ঘোষণা করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে অনেক বিদেশি নাগরিক নিরাপত্তার স্বার্থে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যান। এ ছাড়া ঘানা, নাইজেরিয়া, উগান্ডা ও কেনিয়া নিজ নিজ নাগরিকদের ফিরিয়ে নিতে পদক্ষেপ নেয়।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জনগণের উদ্বেগের বিষয়টি স্বীকার করলেও অভিবাসীদের ওপর হামলা ও সহিংসতার নিন্দা জানিয়েছেন। তিনি নাগরিকদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সরকার জানিয়েছে, অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ করা হলেও অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে বাড়িঘর বা ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি চালানোর সুযোগ নেই।
এদিকে জাতিসংঘ সতর্ক করে বলেছে, দক্ষিণ আফ্রিকার সামাজিক ও অর্থনৈতিক সংকটের জন্য অভিবাসীদের দায়ী করা সমাধান নয়। সংস্থাটির মতে, অভিবাসীদের বলির পাঁঠা বানালে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে এবং সামাজিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে।