শেংগেনে যোগ দিচ্ছে সাইপ্রাস, ভিসা ও কর্মসংস্থানে আসছে বড় পরিবর্তন
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৬
সাইপ্রাস সরকার ঘোষণা দিয়েছে, দেশটি ২০২৬ সালের শেষ নাগাদ অথবা ২০২৭ সালের শুরুতে শেংগেন অঞ্চলে যোগ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্য দেশের মধ্যে কেবল সাইপ্রাস ও আয়ারল্যান্ড শেংগেন এলাকার বাইরে রয়েছে। আয়ারল্যান্ড নিজস্ব ভিসানীতি বজায় রাখলেও, ইউরোপীয় চুক্তি অনুযায়ী সাইপ্রাসের শেংগেনে যোগ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে শেংগেনের শর্ত পূরণে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে সাইপ্রাস। সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার, ভিসা প্রক্রিয়ার আধুনিকায়ন, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং লারনাকা আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়নের কাজ সম্পন্ন হয়েছে। তবে দ্বীপটির উত্তরাঞ্চলে তুরস্কের নিয়ন্ত্রণাধীন এলাকা এখনো একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
বর্তমানে ইউরোপীয় কমিশন সাইপ্রাসের প্রস্তুতি মূল্যায়ন করছে। এরপর বিষয়টি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর কাছে যাবে, যেখানে শেংগেনে অন্তর্ভুক্তির জন্য সব সদস্য দেশের সর্বসম্মত অনুমোদন প্রয়োজন হবে।
শেংগেনে যোগ দিলে সাইপ্রাসের অভিবাসন ও কর্মসংস্থান নীতিতে বড় পরিবর্তন আসবে। বর্তমানে দেশটির নিয়োগকর্তারা বিদেশি কর্মীদের আগাম অনুমোদনের মাধ্যমে দেশে আনতে পারেন। কিন্তু শেংগেন সদস্য হওয়ার পর বিদেশি কর্মীদের নিজ দেশের সাইপ্রাস দূতাবাস বা কনস্যুলেট থেকে দীর্ঘমেয়াদি টাইপ-ডি (Type D) ভিসা নিয়ে প্রবেশ করতে হবে। ফলে ভিসা আবেদন, নথিপত্র যাচাই এবং নিয়োগ প্রক্রিয়ায় অতিরিক্ত সময় লাগতে পারে।
এছাড়া সাইপ্রাসের অনেক দেশে এখনো দূতাবাস বা পর্যাপ্ত কনস্যুলার জনবল নেই, বিশেষ করে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে। তাই শেংগেনে যোগ দেওয়ার পর দেশটিকে কূটনৈতিক উপস্থিতি বাড়াতে হবে। প্রয়োজনে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু অংশ বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার বিষয়টিও বিবেচনা করা হতে পারে।
তবে শেংগেন সদস্যপদ সাইপ্রাসের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলে দেবে। অভ্যন্তরীণ সীমান্ত নিয়ন্ত্রণ উঠে গেলে ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে পর্যটন, ব্যবসা, বিনিয়োগ ও পণ্য পরিবহন আরও সহজ হবে। এতে দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
২০০৪ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার পর শেংগেন অঞ্চলে অন্তর্ভুক্ত হওয়া সাইপ্রাসের জন্য অন্যতম বড় কূটনৈতিক ও অর্থনৈতিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।



