আমেরিকার আশ্রয় (অ্যাসাইলাম) ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন। নতুন নীতির ফলে অনেক আশ্রয়প্রার্থী আর প্রশিক্ষিত আশ্রয় কর্মকর্তার সাক্ষাৎকারের সুযোগ পাবেন না। পরিবর্তে তাদের আবেদন সরাসরি ইমিগ্রেশন আদালতে পাঠানো হতে পারে। এতে বহিষ্কারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিবাসন আইন বিশেষজ্ঞরা।
নতুন নীতি ২৭ জুলাই থেকে কার্যকর হয়েছে। এর আওতায় বৈধভাবে আমেরিকায় প্রবেশ করা এবং অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ না থাকা আশ্রয়প্রার্থীদের ক্ষেত্রেও দীর্ঘদিনের প্রাথমিক সাক্ষাৎকারের বাধ্যতামূলক প্রক্রিয়া বাতিল করা হয়েছে।
এতদিন আশ্রয়প্রার্থীদের আবেদন যাচাইয়ের জন্য ইউনাইটেড স্টেটস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)-এর প্রশিক্ষিত আশ্রয় কর্মকর্তারা সাক্ষাৎকার নিতেন। ওই সাক্ষাৎকারে আবেদনকারীরা নিজ দেশে নির্যাতনের আশঙ্কা, দাখিল করা নথিপত্র এবং অন্যান্য প্রমাণ উপস্থাপনের সুযোগ পেতেন। কর্মকর্তার মূল্যায়নের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতো।
নতুন নিয়ম অনুযায়ী, ইউএসসিআইএস অনেক আবেদন সরাসরি ইমিগ্রেশন আদালতে পাঠাতে পারবে। ফলে আবেদনকারীরা প্রশাসনিক পর্যায়ে নিজেদের বক্তব্য উপস্থাপনের সুযোগ না পেয়েই বহিষ্কার কার্যক্রমের মুখোমুখি হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্লেষকদের ধারণা, এই নীতির আওতায় প্রায় ৪ লাখ ৪০ হাজার থেকে ১৪ লাখ ঝুলে থাকা আশ্রয় আবেদন ইমিগ্রেশন আদালতে স্থানান্তরিত হতে পারে। এতে আদালতের ওপর চাপ বাড়ার পাশাপাশি বহিষ্কার বা রিমুভাল আদেশের সংখ্যাও বাড়তে পারে।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) ও ইউএসসিআইএসের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আশ্রয় ব্যবস্থায় দীর্ঘদিন ধরে জমে থাকা মামলার জট কমানো এবং প্রকৃত দাবিগুলোর দ্রুত নিষ্পত্তির লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইউএসসিআইএসের পরিচালক জোসেফ এডলো এক বিবৃতিতে বলেন, দীর্ঘদিন ধরে অনেকেই প্রকৃত সুরক্ষার প্রয়োজনের পরিবর্তে আশ্রয় ব্যবস্থাকে সময়ক্ষেপণ ও কর্মসংস্থানের অনুমতি পাওয়ার উপায় হিসেবে ব্যবহার করেছেন। তাঁর ভাষায়, আমেরিকার আশ্রয় ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো প্রকৃত নির্যাতনের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সুরক্ষা দেওয়া। নতুন নীতির মাধ্যমে রাষ্ট্রের সম্পদ যেন প্রকৃত দাবিগুলোর দ্রুত নিষ্পত্তিতে ব্যবহার হয়, সেটিই নিশ্চিত করা হবে।
তবে এ সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিবাসন আইন বিশেষজ্ঞ ও অধিকারকর্মীরা। তাঁদের মতে, নতুন নীতির ফলে আশ্রয়প্রার্থীদের জন্য বিদ্যমান সীমিত প্রক্রিয়াগত সুরক্ষাও দুর্বল হয়ে পড়বে। অনেক আবেদনকারী নিজেদের পক্ষে বিস্তারিত বক্তব্য উপস্থাপনের সুযোগ হারাতে পারেন।
সমালোচকদের দাবি, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবেই এ পরিবর্তন আনা হয়েছে, যা বহিষ্কার কার্যক্রম আরও দ্রুত বাস্তবায়নে সহায়ক হবে। তাঁদের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক শরণার্থী সুরক্ষা কাঠামোর যে নীতির প্রতি আমেরিকা দীর্ঘদিন প্রতিশ্রুতিবদ্ধ ছিল, নতুন এ নীতি তার বাস্তব প্রয়োগকে আরও সীমিত করতে পারে।
অন্যদিকে ট্রাম্প প্রশাসনের দাবি, আশ্রয় ব্যবস্থার অপব্যবহার বন্ধ করা, মামলার জট কমানো এবং প্রকৃত আশ্রয়প্রার্থীদের আবেদন দ্রুত নিষ্পত্তি করাই এ নীতির মূল লক্ষ্য। তবে নতুন নিয়ম কার্যকরের পর এর আইনি চ্যালেঞ্জ ও বাস্তব প্রভাব নিয়ে অভিবাসন মহলে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।