লন্ডনে উচ্চশিক্ষার সুযোগ, অক্সফোর্ডে দিচ্ছে ফুল-ফান্ডেড স্কলারশিপ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৬

যুক্তরাজ্যের বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড স্কলারশিপে স্নাতকোত্তর ও এমবিএ প্রোগ্রামে পড়ার সুযোগ পাচ্ছেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা। ‘পার্শিং স্কয়ার গ্র্যাজুয়েট স্কলারশিপ’-এর আওতায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত।

স্কলারশিপের আওতায় দুই বছরের সম্পূর্ণ টিউশন ফি, জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য ভাতা, নেতৃত্ব উন্নয়ন ও নেটওয়ার্কিং–সংক্রান্ত বিশেষ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ এবং Pershing Square Foundation–এর বৈশ্বিক নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ মিলবে।

আবেদনের জন্য প্রার্থীর চমৎকার একাডেমিক ফলাফল, নেতৃত্বের সক্ষমতা, সামাজিক প্রভাব তৈরির আগ্রহ এবং পেশাগত লক্ষ্য ও স্কলারশিপের উদ্দেশ্যের মধ্যে সুস্পষ্ট সামঞ্জস্য থাকতে হবে।

আবেদনের সঙ্গে পূরণ করা আবেদনপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, ৫০০ শব্দের নির্ধারিত প্রবন্ধ, দুটি সুপারিশপত্র, সিভি, পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের কপি এবং পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ১৮০টির বেশি মাস্টার্স পর্যায়ের কোর্স রয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রের Funding অংশে Pershing Square Graduate Scholarship-এর জন্য বিবেচনার আগ্রহ জানিয়ে নির্ধারিত প্রবন্ধ জমা দিতে হবে।

বিস্তারিত তথ্য ও আবেদন করা যাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে।