ভারতীয় ভিসার স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত, যা জানাল হাইকমিশন

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৬

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। এখন থেকে একসঙ্গে ১৫ দিনের অ্যাপয়েন্টমেন্ট স্লট ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে যেখানে একসঙ্গে সাত দিনের স্লট দেওয়া হতো, সেটিই এবার বাড়িয়ে ১৫ দিন করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) এ তথ্য জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি বলেন, আবেদনকারীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে ভারতীয় মিশন। আগে প্রতিদিন অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা হতো। এতে বিশেষ করে রোগীদের অনেক সমস্যায় পড়তে হতো। পরে একসঙ্গে এক সপ্তাহের স্লট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে অভিজ্ঞতা ভালো হওয়ায় এবার তা বাড়িয়ে ১৫ দিন করা হয়েছে।

ভারতীয় হাইকমিশনার বলেন, ভিসার জন্য যারা আবেদন করছেন, তাদের যেন ন্যূনতম সমস্যায় পড়তে হয়—এটাই মিশনের মূল লক্ষ্য ও অগ্রাধিকার।

অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময়

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অ্যাপয়েন্টমেন্ট বুকিং রবিবার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে।

অর্থাৎ, আবেদনকারীদের জন্য প্রতিদিন নতুন করে স্লট খোলার পরিবর্তে এখন একসঙ্গে ১৫ দিনের স্লট পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এতে ভিসা আবেদনকারীদের পরিকল্পনা করা এবং প্রয়োজনীয় সময়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া তুলনামূলক সহজ হবে বলে আশা করা হচ্ছে।