বাংলাদেশিদের জন্য বৈধ অভিবাসনের পথ বাড়াতে আগ্রহী যুক্তরাজ্য
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৬
অনিয়মিত পথে অভিবাসন ঠেকাতে বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যে নিয়মিত ও বৈধভাবে যাওয়ার সুযোগ আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে ব্রিটিশ সরকার। এ লক্ষ্যে বাংলাদেশের অভিবাসনপ্রত্যাশীদের জন্য যুক্তরাজ্যের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সম্প্রতি বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সঙ্গে বৈঠকে ব্রিটিশ সরকারের এ আগ্রহের কথা জানান।
বৈঠকে সারাহ কুক বলেন, বাংলাদেশের অভিবাসনপ্রত্যাশীদের জন্য অভিবাসন প্রক্রিয়ায় পরিবর্তন আনার বিষয়ে ব্রিটিশ সরকার আগ্রহী। একটি শৃঙ্খলাপূর্ণ ও নিয়মিত অভিবাসনব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে বৈধভাবে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ বাড়ানো যেতে পারে।
এ ক্ষেত্রে যুক্তরাজ্যের যেসব খাতে দক্ষ শ্রমিকের চাহিদা রয়েছে, সেসব খাতের উপযোগী করে বাংলাদেশি কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকে মানবপাচার ও অভিবাসনপ্রত্যাশীদের শোষণের বিষয়টিও আলোচনায় আসে।
যুক্তরাজ্যে আশ্রয় আবেদনে বাংলাদেশিরা পঞ্চম
ব্রিটিশ সরকারের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করা নাগরিকদের সংখ্যার দিক থেকে বাংলাদেশিরা পঞ্চম অবস্থানে রয়েছে। তবে যুক্তরাজ্য বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করে। ফলে বাংলাদেশিদের আশ্রয়ের আবেদন গ্রহণের হার তুলনামূলকভাবে কম।
ব্রিটিশ সরকারের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে সামগ্রিকভাবে যুক্তরাজ্যে করা আশ্রয়ের আবেদনের ৪০ শতাংশ অনুমোদিত হয়েছিল। তবে বাংলাদেশিদের ক্ষেত্রে অনুমোদনের হার ছিল মাত্র ১৪ শতাংশ।
অন্যদিকে, নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের মতো অনিয়মিত অভিবাসনের ক্ষেত্রে বাংলাদেশিদের সংখ্যা শীর্ষ পাঁচ দেশের মধ্যে নেই।
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের তাগিদ
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক বলেন, যুক্তরাজ্যের শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি আরও উন্নত করা প্রয়োজন। এ ক্ষেত্রে যুক্তরাজ্যের কাছ থেকে বাংলাদেশের আরও বাস্তবভিত্তিক সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশি প্রশিক্ষণকেন্দ্রগুলোর সঙ্গে যুক্তরাজ্যের সংশ্লিষ্ট পেশাগত প্রতিষ্ঠানগুলোর ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলার প্রস্তাব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
তিনি বলেন, বাংলাদেশি কর্মীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রশিক্ষণ ও সনদ অর্জনের সুযোগ পেলে তারা নিরাপদ ও নিয়মিত অভিবাসনের প্রতি আরও আগ্রহী হবেন।
দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে এ ধরনের সহযোগিতা তৈরি হলে যুক্তরাজ্যের শ্রমবাজারের প্রয়োজন অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ করে তোলা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে একদিকে যেমন বৈধ পথে কর্মসংস্থানের সুযোগ বাড়তে পারে, অন্যদিকে অনিয়মিত অভিবাসন ও মানবপাচারের ঝুঁকিও কমানো সম্ভব হতে পারে।



