তদন্তে কর্তৃপক্ষ

আমেরিকায় ব্যাপক H-1B ভিসা জালিয়াতির অভিযোগ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৬

আমেরিকায় H-1B ভিসা জালিয়াতি দমনে অভিযান আরও জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। সর্বশেষ টেক্সাসের ডালাসে তদন্ত শুরু হয়েছে। সেখানে শত শত অনুমোদিত H-1B ভিসা আবেদনকারী প্রতিষ্ঠানের কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে।

আমেরিকার শ্রম বিভাগ জানিয়েছে, ভিসার নিয়ম লঙ্ঘন ও অভিবাসন নীতির পরিবর্তন ভিসা ইস্যু এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়াকেও প্রভাবিত করছে।

আমেরিকার শ্রম বিভাগের ইন্সপেক্টর জেনারেল অ্যান্থনি পি. ডি’এসপোসিটো ডালাসে গিয়ে তদন্ত কার্যক্রম এগিয়ে নিয়েছেন। তিনি একটি বহুতল ভবনে গিয়ে অনুসন্ধান চালান, যেখানে ৫০০টির বেশি অনুমোদিত H-1B ভিসা আবেদনকারী প্রতিষ্ঠান রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অনেক অফিসে কার্যক্রমের কোনো চিহ্ন পাওয়া যায়নি। কোথাও দরজা বন্ধ, কোথাও আলো নিভানো এবং কোথাও ব্যবসায়িক কার্যক্রমের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

শ্রম বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, তারা ভাষ্যকার ও উদ্যোক্তা সারা গনজালেস এবং ব্লেজ টিভির সাথে যৌথভাবে কাজ করছে। গনজালেস এক ভিডিওতে অভিযোগ করেন, তিনি এক ব্যবসায়ীকে জালিয়াতির বিষয়ে প্রশ্ন করলে ওই ব্যক্তি পুলিশ ডাকেন। পরে তিনি আইন প্রয়োগকারী সংস্থাকে সাথে নিয়ে তদন্ত চালান। ভিডিওতে বিষয়টি প্রকাশ করা হয়েছে।

ইন্সপেক্টর জেনারেল অ্যান্থনি বলেন, বিদেশি শ্রম কর্মসূচিতে কোনো ধরনের জালিয়াতি সহ্য করা হবে না। চাকরি আমেরিকানদের কাছ থেকে কেড়ে নেওয়া এবং H-1B জালিয়াতির মাধ্যমে অপরাধী চক্রকে শক্তিশালী করার বিষয়েও তারা নীরব থাকবে না।

এই তদন্ত আমেরিকাজুড়ে চলমান অভিযানের অংশ। তবে ডালাসের বহুতল ভবনে পাওয়া প্রতিষ্ঠানগুলোর আবেদনকে সরাসরি জালিয়াতি বলা হয়নি। কিন্তু প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের অনুপস্থিতি সন্দেহ তৈরি করেছে।

H-1B ভিসা মূলত উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের জন্য দেওয়া হয়। তবে সাম্প্রতিক সময়ে অভিযোগ উঠেছে, কিছু প্রতিষ্ঠান ভিসা আবেদনকে অপব্যবহার করছে। এর ফলে আমেরিকার শ্রমবাজারে চাপ তৈরি হচ্ছে এবং স্থানীয় কর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।