মাসে মিলবে ১,৫৩৮ ইউরো
ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের প্রশিক্ষণ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৬
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন নীতি, আঞ্চলিক উন্নয়ন ও স্থানীয় সরকার বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিচ্ছে ইউরোপিয়ান কমিটি অব দ্য রিজিয়নস (CoR)। সংস্থাটির পাঁচ মাসের সিসেরো ট্রেইনিশিপ কর্মসূচির আওতায় বেলজিয়ামের ব্রাসেলসে প্রশিক্ষণের সুযোগ রয়েছে।
এ কর্মসূচিতে অংশ নিয়ে প্রশিক্ষণার্থীরা ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিষ্ঠানে বহুভাষিক ও আন্তর্জাতিক পরিবেশে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। পাশাপাশি ইউরোপীয় বিষয়, ইইউর নীতি ও আঞ্চলিক উন্নয়ন নিয়ে কাজের বাস্তব জ্ঞান অর্জন করতে পারবেন।
যেসব সুবিধা
নির্বাচিত প্রার্থীদের পাঁচ মাসের পূর্ণকালীন প্রশিক্ষণ দেওয়া হবে। এ সময়ে প্রতি মাসে প্রায় ১ হাজার ৫৩৮ ইউরো অনুদান দেওয়া হবে।
এ ছাড়া ভ্রমণ ও যাতায়াতের জন্য ভাতা এবং দুর্ঘটনা বিমার সুবিধা রয়েছে। বিভিন্ন দেশের পেশাজীবীদের সঙ্গে যোগাযোগ ও পেশাগত নেটওয়ার্ক তৈরির সুযোগও পাবেন অংশগ্রহণকারীরা।
প্রশিক্ষণ চলাকালে ওয়াইফ্যাক্টর (YFactor) কর্মসূচির মাধ্যমে নিজেদের প্রকল্প বা উদ্যোগ নিয়ে কাজ করার সুযোগ রয়েছে।
কারা আবেদন করতে পারবেন
যারা বিশ্ববিদ্যালয় থেকে পূর্ণাঙ্গ স্নাতক ডিগ্রি অর্জন করেছেন অথবা উচ্চশিক্ষার অন্তত তৃতীয় বর্ষ সম্পন্ন করেছেন, তারা আবেদন করতে পারবেন।
ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোর নাগরিকরা আবেদন করতে পারবেন। পাশাপাশি তৃতীয় দেশের নাগরিকদেরও বিশেষ ক্ষেত্রে নির্বাচিত করা হতে পারে। তবে তাদের বেলজিয়ামের অভিবাসন ও কাজের অনুমতিসংক্রান্ত শর্ত পূরণ করতে হবে। যুক্তরাজ্যের নাগরিকরাও তৃতীয় দেশের নাগরিক হিসেবে এ সুযোগের আওতায় থাকবেন।
আবেদনের সময়সীমা
এ প্রশিক্ষণের দুটি সেশন রয়েছে। বসন্তকালীন সেশনের জন্য আবেদন করা যাবে ১ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত (ব্রাসেলস সময়)। আর শরৎকালীন সেশনের আবেদনের শেষ সময় ৩১ মার্চ দুপুর ১২টা (ব্রাসেলস সময়)।
একটি প্রশিক্ষণকালীন সেশনের জন্য একজন আবেদনকারী কেবল একটি আবেদন করতে পারবেন। আবেদন করার সময় সর্বোচ্চ তিনটি পছন্দের বিভাগ নির্বাচন করা যাবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের আগেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য ইউরোপিয়ান কমিটি অব দ্য রিজিয়নসের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।



