যুব সংগঠনের জন্য বড় অনুদান, আবেদন ১ অক্টোবর পর্যন্ত
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৬
তরুণদের নেতৃত্বাধীন সংগঠনগুলোর জন্য সর্বোচ্চ ৬০ হাজার ইউরো অনুদানের সুযোগ দিচ্ছে ইউরোপীয় যুব ফাউন্ডেশন (EYF)। ইউরোপীয় কাউন্সিলের এই ফাউন্ডেশনের আওতায় ২০২৭ সাল থেকে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক যুব সহযোগিতা প্রকল্পে এ অনুদান দেওয়া হবে।
গণতন্ত্র, মানবাধিকার, সামাজিক অন্তর্ভুক্তি, শান্তি প্রতিষ্ঠা, যুব অংশগ্রহণ ও যুব উন্নয়ন নিয়ে কাজ করা যোগ্য সংগঠনগুলো এ অনুদানের জন্য আবেদন করতে পারবে।
সর্বোচ্চ ৬০ হাজার ইউরো অনুদান
আন্তর্জাতিক পর্যায়ে এককালীন যুব সহযোগিতা কার্যক্রমের জন্য সর্বোচ্চ ২৫ হাজার ইউরো এবং দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক যুব সহযোগিতা প্রকল্পের জন্য সর্বোচ্চ ৬০ হাজার ইউরো অনুদান দেওয়া হবে।
এ অনুদানের আওতায় প্রশিক্ষণ, সেমিনার, সম্মেলন, যুব ক্যাম্প, প্রচারাভিযান, গবেষণা ও শিক্ষামূলক উপকরণ তৈরিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা যাবে।
একাধিক ইউরোপীয় কাউন্সিলভুক্ত দেশের তরুণদের যুক্ত করে প্রকল্প পরিচালনার সুযোগ থাকবে। এর মাধ্যমে আন্তর্জাতিক যুব সংগঠনগুলোর মধ্যে সহযোগিতা ও নেটওয়ার্কও শক্তিশালী করার সুযোগ রয়েছে।
কারা আবেদন করতে পারবে
যুব নেতৃত্বাধীন, বেসরকারি, অলাভজনক সংগঠন ও নেটওয়ার্ক এ অনুদানের জন্য আবেদন করতে পারবে। তবে সংগঠনটিকে ইউরোপীয় যুব ফাউন্ডেশনে নিবন্ধিত ও অনুমোদিত হতে হবে।
দীর্ঘমেয়াদি প্রকল্পের ক্ষেত্রে যোগ্য আন্তর্জাতিক যুব এনজিও এবং আন্তর্জাতিক যুব এনজিও নেটওয়ার্কগুলো আবেদন করতে পারবে।
যেসব সংগঠন এখনো ইউরোপীয় যুব ফাউন্ডেশনে নিবন্ধিত নয়, তাদের দ্রুত নিবন্ধন প্রক্রিয়া শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ নিবন্ধন ও অনুমোদন পেতে সর্বোচ্চ দুই সপ্তাহ সময় লাগতে পারে এবং আবেদনের শেষ সময়ের আগে সংগঠনটির অনুমোদন সম্পন্ন হতে হবে।
আবেদনের শেষ সময়
এ অনুদানের জন্য আবেদন করা যাবে ১ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট (সিইটি) পর্যন্ত।
আবেদনের বিস্তারিত তথ্য ও যোগ্যতার শর্ত জানতে ইউরোপীয় যুব ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।



