এমবিএ করতে যুক্তরাজ্যে স্কলারশিপ, আবেদন যেভাবে
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৬
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এমবিএ প্রোগ্রামে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব গ্লাসগো। ‘গ্লাসগো এমবিএ স্কলারশিপ’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ করা হবে।
২০২৬ সালের সেপ্টেম্বর সেশনের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। এ বৃত্তির আবেদনের কোনো নির্দিষ্ট শেষ তারিখ নেই। তবে বৃত্তির তহবিল সীমিত এবং ধারাবাহিকভাবে দেওয়া হয় বলে আগ্রহীদের দ্রুত আবেদন করতে পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ইউনিভার্সিটি অব গ্লাসগোর এমবিএ প্রোগ্রাম আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এ প্রোগ্রামে নেতৃত্ব, কৌশলগত চিন্তাভাবনা ও ব্যবসা পরিচালনায় পরিবর্তন আনার দক্ষতা অর্জনের সুযোগ রয়েছে।
যাঁরা আবেদন করতে পারবেন
বৃত্তির জন্য আবেদনকারীদের ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে। সাধারণত প্রথম শ্রেণির অনার্স ডিগ্রি বা ভালো পেশাগত রেকর্ড থাকা প্রত্যাশিত।
এ ছাড়া প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ইংরেজি ভাষার দক্ষতার শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীর আর্থিক অবস্থাও বৃত্তি প্রদানের ক্ষেত্রে বিবেচনা করা হতে পারে।
তবে বৃত্তির জন্য আবেদন করার আগে প্রার্থীকে অবশ্যই ইউনিভার্সিটি অব গ্লাসগোর এমবিএ প্রোগ্রামে আবেদন করতে হবে। এমবিএ আবেদন, সাক্ষাৎকার এবং বৃত্তির আবেদন ফরমের ভিত্তিতে প্রার্থীদের মূল্যায়ন করা হবে।
আবেদন করবেন যেভাবে
প্রথমে বিশ্ববিদ্যালয়ের অনলাইন আবেদন ব্যবস্থার মাধ্যমে এমবিএ প্রোগ্রামে আবেদন করতে হবে। এরপর এমবিএ সাক্ষাৎকার সম্পন্ন করে শর্তযুক্ত বা নিঃশর্ত অফার পাওয়ার পর অ্যাপ্লিক্যান্ট সেলফ-সার্ভিস পোর্টালের মাধ্যমে বৃত্তির আবেদন ফরম জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয় জানিয়েছে, যোগ্য আবেদনকারীদের সাধারণত এমবিএ সাক্ষাৎকারের পাঁচ কর্মদিবসের মধ্যে বৃত্তির বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়।
এমবিএ প্রোগ্রাম ও ভর্তি বিষয়ে জানতে ব্যবসায় অনুষদের ভর্তি দলের সঙ্গে যোগাযোগ করা যাবে business-mba-recruitment@glasgow.ac.uk ঠিকানায়। আর বৃত্তির যোগ্যতা-সংক্রান্ত প্রশ্ন পাঠানো যাবে scholarships@glasgow.ac.uk ঠিকানায়।
আবেদনের নির্দিষ্ট শেষ তারিখ নেই; তবে তহবিল সীমিত হওয়ায় দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।



