আমেরিকায় শিক্ষার্থীদের ভিসা বাতিল হতে পারে যেসব কারণে

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৬

আমেরিকায় অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা কোন কোন কারণে বাতিল হতে পারে, সে বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

শনিবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় শিক্ষার্থীদের ভিসার শর্ত মেনে চলার আহ্বান জানানো হয়।

মার্কিন দূতাবাস জানায়, কোনো শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দিলে, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকলে অথবা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ালে তার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।

এ ধরনের পরিস্থিতিতে শুধু বর্তমান ভিসা বাতিল হওয়ার ঝুঁকিই নয়, ভবিষ্যতে আমেরিকার ভিসা পাওয়ার যোগ্যতাও হারানোর সম্ভাবনা রয়েছে।

যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে

আমেরিকায় অধ্যয়নরত শিক্ষার্থীদের বৈধ অবস্থান বজায় রাখতে ভিসার শর্ত মেনে চলা জরুরি। পড়াশোনার ক্ষেত্রে কোনো পরিবর্তন আনার প্রয়োজন হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে অবহিত করা এবং প্রয়োজনীয় নিয়ম অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন দূতাবাসের বার্তায় সম্ভাব্য জটিলতা এড়াতে শিক্ষার্থীদের নিজেদের ভিসার শর্ত সম্পর্কে সচেতন থাকার এবং শিক্ষার্থী হিসেবে বৈধ অবস্থান বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।