জার্মানির আইটি খাতে বাড়ছে বিদেশি কর্মীদের সম্ভাবনা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০২৬
ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানিতে তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে দক্ষ জনবলের চাহিদা দ্রুত বাড়ছে। সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি ও অ্যাপ্লিকেশন কনসালট্যান্সিসহ বিভিন্ন ক্ষেত্রে বিদেশি দক্ষ কর্মীদের জন্য তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থানের সুযোগ।
জার্মানির শক্তিশালী শিল্পভিত্তি, গবেষণা প্রতিষ্ঠান ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি দেশটিকে আন্তর্জাতিক আইটি পেশাজীবীদের কাছে আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সবুজ প্রযুক্তি ও ইন্ডাস্ট্রি ৪.০-এর মতো খাতে বিনিয়োগ বাড়ায় প্রযুক্তি দক্ষতার চাহিদাও বাড়ছে।
ইউরোপীয় পেটেন্ট অফিসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে জার্মানি থেকে ২৪ হাজার ৪৭৬টি পেটেন্ট আবেদন করা হয়েছে। পেটেন্ট আবেদনের সংখ্যায় দেশটি বিশ্বে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে ছিল।
জার্মানির চাকরির বাজারে বর্তমানে আইটি পেশাজীবীদের চাহিদা উল্লেখযোগ্য। বিশেষ করে সফটওয়্যার ডেভেলপার, অ্যাপ্লিকেশন কনসালট্যান্ট, ডেটা সায়েন্টিস্ট ও সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের জন্য রয়েছে বড় ধরনের সুযোগ। ২০২৫ সালে দেশটিতে প্রায় ১ লাখ ৯ হাজার আইটি পদ খালি ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শুধু চাকরির সুযোগ নয়, কর্মপরিবেশের দিক থেকেও জার্মানি আন্তর্জাতিক কর্মীদের কাছে আকর্ষণীয়। নমনীয় কর্মঘণ্টা, ছুটির সুবিধা, অভিভাবকদের জন্য বিভিন্ন সুবিধা এবং কাজ ও ব্যক্তিজীবনের ভারসাম্য বজায় রাখার ওপর দেশটিতে গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় পরিবহন, স্বাস্থ্যসেবা ও শিল্প খাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে গবেষণা ও উন্নয়নে বড় ধরনের বিনিয়োগ করছে জার্মানি। দেশটির ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে ইন্ডাস্ট্রি ৪.০-এর সঙ্গে যুক্ত করতেও সরকারি বিভিন্ন উদ্যোগ রয়েছে।
ফলে আইটি বিষয়ে দক্ষতা, অভিজ্ঞতা ও প্রয়োজনীয় যোগ্যতা থাকা বিদেশি পেশাজীবীদের জন্য জার্মানির প্রযুক্তি খাত ভবিষ্যতে আরও বড় কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে।



