কানাডার অন্টারিওতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্বাস্থ্যবীমার খরচ বাড়ল

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০২৬

কানাডার অন্টারিও প্রদেশে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক স্বাস্থ্যবীমা ইউনিভার্সিটি হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানের (ইউএইচআইপি) প্রিমিয়াম বাড়ানো হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে নতুন হার কার্যকর হবে। এতে একক শিক্ষার্থীর বার্ষিক বীমা খরচ ৭৯২ কানাডীয় ডলার থেকে বেড়ে ৯৪৮ ডলারে দাঁড়াবে।

অর্থাৎ একজন শিক্ষার্থীকে আগের তুলনায় বছরে ১৫৬ কানাডীয় ডলার বেশি দিতে হবে। তিন সদস্যের পরিবারের ক্ষেত্রে বার্ষিক প্রিমিয়াম ২ হাজার ৩৭৬ ডলার থেকে বেড়ে ২ হাজার ৮৪৪ ডলার হবে।

অন্টারিওর ২২টি সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইউএইচআইপি বাধ্যতামূলক। টরন্টো বিশ্ববিদ্যালয়, ওয়াটারলু বিশ্ববিদ্যালয়, ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়, ইয়র্ক বিশ্ববিদ্যালয়, কুইন্স বিশ্ববিদ্যালয় ও ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই বীমার আওতায় পড়েন।

ভর্তি হওয়ার পর শিক্ষার্থীদের টিউশন ফি ও অন্যান্য নির্ধারিত খরচের সঙ্গে ইউএইচআইপি প্রিমিয়ামও যুক্ত হয়। ফলে অন্টারিওতে পড়াশোনার সামগ্রিক ব্যয় আরও কিছুটা বাড়তে যাচ্ছে।

তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ইউএইচআইপি থেকে অব্যাহতির সুযোগ রয়েছে। শিক্ষার্থীর অন্টারিও হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান (ওএইচআইপি) বা অনুমোদিত অন্য কোনো স্বাস্থ্যবীমা থাকলে, কূটনৈতিক মর্যাদা থাকলে কিংবা নিজ দেশের সরকারের স্পন্সর করা বীমা থাকলে তারা অব্যাহতির জন্য আবেদন করতে পারেন।

অন্টারিওতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা সাধারণত অস্থায়ী বাসিন্দা হিসেবে ওএইচআইপি সুবিধা পান না। ফলে অধিকাংশ শিক্ষার্থীকেই ইউএইচআইপি ব্যবহার করতে হয়।

শিক্ষার্থীর নির্ভরশীল পরিবারের সদস্যরা অন্টারিওতে থাকলে তাদেরও ইউএইচআইপিতে অন্তর্ভুক্ত করতে হয়। তবে পরিবারের সদস্যদের অন্তর্ভুক্তি স্বয়ংক্রিয়ভাবে হয় না; শিক্ষার্থীকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়।

ইউএইচআইপির আওতায় চিকিৎসকের পরামর্শ, বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষা, জরুরি চিকিৎসা ও হাসপাতালে অস্ত্রোপচারের মতো মৌলিক স্বাস্থ্যসেবা রয়েছে। তবে এটি কানাডার সরকারি ওএইচআইপি ব্যবস্থার সমতুল্য নয়।

এ ছাড়া অনেক বিশ্ববিদ্যালয়ে প্রেসক্রিপশন ওষুধ, দাঁতের চিকিৎসা ও চোখের চিকিৎসার জন্য আলাদা গ্রুপ স্বাস্থ্যবীমা চালু রয়েছে। এসব বীমার খরচও অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের বহন করতে হয়।

ফলে সেপ্টেম্বর থেকে ইউএইচআইপির প্রিমিয়াম বৃদ্ধির কারণে অন্টারিওতে পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের বার্ষিক শিক্ষা ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে স্বাস্থ্যবীমার খরচও বাড়বে।