বিদেশে পড়তে গিয়ে পার্টটাইম চাকরি, কোথায় কত ঘণ্টা কাজ করা যায়

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০২৬

বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া শিক্ষার্থীদের অনেকেই পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরি করেন। এতে একদিকে দৈনন্দিন খরচের কিছুটা জোগান দেওয়া সম্ভব হয়, অন্যদিকে স্থানীয় কর্মপরিবেশ সম্পর্কে অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হয়। তবে শিক্ষার্থীদের কাজের অনুমতি ও সময়সীমা দেশভেদে ভিন্ন।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও জার্মানিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য খণ্ডকালীন কাজের সুযোগ রয়েছে। তবে কাজ শুরুর আগে সংশ্লিষ্ট দেশের ভিসা ও অভিবাসনবিধি ভালোভাবে জেনে নেওয়া জরুরি।

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীরা সাধারণত সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজ করতে পারেন এবং বেশির ভাগ ক্ষেত্রে কাজের সুযোগ ক্যাম্পাসের মধ্যেই সীমাবদ্ধ থাকে।

যুক্তরাজ্যে ক্লাস চলাকালে সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজের সুযোগ রয়েছে। নির্ধারিত ছুটির সময়ে পূর্ণকালীন কাজ করার সুযোগ পাওয়া যেতে পারে।

কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা ক্লাস চলাকালে সপ্তাহে সর্বোচ্চ ২৪ ঘণ্টা ক্যাম্পাসের বাইরে কাজ করতে পারেন। দেশটিতে সাধারণ চাকরিতে ঘণ্টায় প্রায় ১৫ থেকে ১৮ কানাডীয় ডলার আয় করা সম্ভব। দক্ষতা ও পদভেদে আয় আরও বেশি হতে পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহকারী হিসেবে ঘণ্টায় ২৫ থেকে ৪০ কানাডীয় ডলার এবং গবেষণা সহকারী হিসেবে ২০ থেকে ৩৫ কানাডীয় ডলার পর্যন্ত আয় সম্ভব বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অস্ট্রেলিয়ায় পড়াশোনার সময় দুই সপ্তাহে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা কাজের অনুমতি রয়েছে। সরকারি ছুটির সময়ে এই সীমা প্রযোজ্য থাকে না। খুচরা বিক্রি ও হসপিটালিটি খাতে ঘণ্টায় প্রায় ২৭ থেকে ৩০ অস্ট্রেলীয় ডলার আয় করা সম্ভব। দক্ষতা থাকলে টিউশনের মাধ্যমে ঘণ্টায় ৩৫ থেকে ৫০ অস্ট্রেলীয় ডলার পর্যন্ত আয় হতে পারে।

জার্মানিতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা বছরে সর্বোচ্চ ১৪০ পূর্ণ দিন বা ২৮০ অর্ধদিবস কাজ করতে পারেন। সেমিস্টার চলাকালে সাধারণত সপ্তাহে ২০ ঘণ্টার বেশি কাজ না করার পরামর্শ দেওয়া হয়।

যুক্তরাজ্যেও শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের খণ্ডকালীন কাজ রয়েছে। খুচরা বিক্রি ও রেস্তোরাঁ-হসপিটালিটি খাতে ঘণ্টায় প্রায় ১১ থেকে ১৪ পাউন্ড আয় করা যেতে পারে। আবার গণিত, বিজ্ঞান বা ইংরেজির মতো বিষয়ে দক্ষ শিক্ষার্থীরা টিউশনের মাধ্যমে ঘণ্টায় ১৫ থেকে ৩০ পাউন্ড পর্যন্ত আয় করতে পারেন।

তবে বিদেশে পড়াশোনার পরিকল্পনার সময় শুধু পার্টটাইম চাকরির ওপর নির্ভর করে আর্থিক পরিকল্পনা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। খণ্ডকালীন কাজ থেকে পাওয়া আয় সাধারণত খাবার, যাতায়াত, মোবাইল বিলসহ দৈনন্দিন খরচে সহায়তা করতে পারে। কিন্তু টিউশন ফি, বাসাভাড়া ও অন্যান্য বড় ব্যয়ের জন্য পর্যাপ্ত অর্থের ব্যবস্থা আগে থেকেই রাখা জরুরি।

এ ছাড়া কাজের সুযোগ থাকলেও পড়াশোনাকে অগ্রাধিকার দিতে হবে। নির্ধারিত সময়ের বেশি কাজ করলে ভিসার শর্ত লঙ্ঘনের ঝুঁকি থাকতে পারে। তাই বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট দেশের সর্বশেষ সরকারি নিয়ম ও নিজের ভিসার শর্ত যাচাই করা গুরুত্বপূর্ণ।