জাপানে মাস্টার্সের সুযোগ, আবেদন করবেন যেসব কর্মকর্তারা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০২৬
জাপান-আইএমএফ স্কলারশিপ প্রোগ্রাম ফর এশিয়া (জেআইএসপিএ) মাস্টার্স ট্র্যাকের ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষে মাস্টার্স কোর্সে পড়ার সুযোগ পাবেন বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তারা। জাপানের নির্বাচিত বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য এ বৃত্তিতে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় আগামী ২০ অক্টোবর ২০২৬।
বাংলাদেশ সিভিল সার্ভিসের যেসব কর্মকর্তা উচ্চশিক্ষায় আগ্রহী, তারা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে অবহিত রেখে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের ছয় শর্ত
জেআইএসপিএ মাস্টার্স ট্র্যাকে আবেদনের জন্য কর্মকর্তাদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। শর্তগুলো হলো—
১. আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
২. কর্মজীবনে আর্থিক, বাণিজ্যিক, ব্যাংকিং অথবা পরিসংখ্যান-সংক্রান্ত নীতি প্রণয়ন ও বাস্তবায়নের সাথে সম্পৃক্ত থাকতে হবে।
৩. কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
৪. ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
৫. ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৬. আগে বিদেশ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জনকারী প্রার্থী এ বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
উচ্চতর ডিগ্রি অর্জনের ক্ষেত্রে আবেদনকারীকে জনপ্রশাসন প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা নীতিমালা, ২০২৩ অনুসরণ করতে হবে। পাশাপাশি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে কোর্সে অংশগ্রহণ করতে হবে।
যোগ্য ও আগ্রহী প্রার্থীদের আগামী ২০ অক্টোবর ২০২৬-এর মধ্যে নির্ধারিত প্রক্রিয়ায় অনলাইনে আবেদন করতে হবে। এ বৃত্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইটে পাওয়া যাবে।



