বাংলাদেশি হিন্দু শরণার্থীদের ছয় মাসে নাগরিকত্ব দেবে ভারত
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬
ধর্মীয় নিপীড়নের কারণে বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু, শিখ ও জৈন শরণার্থীদের আগামী ছয় মাসের মধ্যে নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে এক জনসভায় তিনি এ ঘোষণা দেন।
অমিত শাহ বলেন, ‘বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ ও জৈন শরণার্থীরা আগামী ছয় মাসের মধ্যে নাগরিকত্ব পাবেন। এটি আমার প্রতিশ্রুতি।’
তিনি জানান, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় যোগ্য আবেদনকারীদের নাগরিকত্ব দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিমবঙ্গের আটটি জেলার জেলা প্রশাসকদের ক্ষমতা দিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে সীমান্তবর্তী আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জেলা প্রশাসকদের সিএএর আওতায় বিচারাধীন আবেদনগুলো নিষ্পত্তির ক্ষমতা দিয়েছে। এর ফলে আবেদনকারীদের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া দ্রুত হবে বলে জানিয়েছেন অমিত শাহ।
তিনি বলেন, সব যোগ্য শরণার্থীকে সম্মানের সঙ্গে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে।
জনসভায় অমিত শাহ তৃণমূল কংগ্রেস ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমরা যখন সিএএ এনেছিলাম, তখন তিনি আমাকে নিয়ে উপহাস করেছিলেন। মমতাদিদি, আপনি এই আইন কার্যকর করতে রাজি হননি, কিন্তু আপনাকে ও আপনার সরকারকে ক্ষমতা ছাড়তে হয়েছে।’
বাংলাদেশ থেকে ভারতে যাওয়া শরণার্থীদের অনেকে দীর্ঘদিন ধরে নাগরিকত্বের অপেক্ষায় ছিলেন। সিএএর আওতায় আবেদন করার পরও প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। এবার ছয় মাসের মধ্যে নাগরিকত্ব দেওয়ার ঘোষণা তাদের মধ্যে নতুন আশার সৃষ্টি করেছে।
সিএএ নিয়ে ভারতে শুরু থেকেই বিতর্ক রয়েছে। বিরোধী দলগুলো দাবি করে আসছে, এই আইন ধর্মীয় বিভাজন তৈরি করবে। তবে বিজেপি সরকার বলছে, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়াই এই আইনের মূল উদ্দেশ্য।