অভিবাসন ঠেকাতে জার্মানির সীমান্তে কড়াকড়ি আরো ছয় মাস

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬

জার্মানি ইউরোপীয় কমিশনের কাছে অভ্যন্তরীণ সীমান্ত নিয়ন্ত্রণ আরো ছয় মাস বাড়ানোর আবেদন করেছে। অনুমোদন পেলে এ নিয়ন্ত্রণ ২০২৭ সালের মার্চ পর্যন্ত বহাল থাকবে। তবে জার্মানির এ সিদ্ধান্ত নিয়ে দ্বিধা প্রকাশ করেছে ইউরোপীয় কমিশন।

জার্মানির অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ড দৈনিক বিল্ডকে বলেন, ইউরোপের বাইরের সীমান্তে সাম্প্রতিক ঘটনাবলি দেখাচ্ছে, অনিয়মিত অভিবাসন ঠেকাতে জার্মানির অভ্যন্তরীণ সীমান্তে নিয়ন্ত্রণ এখনো প্রয়োজন।

জুলাইয়ের শেষে স্পেনের সেউটা অঞ্চলে প্রায় ৮০ হাজার অনিয়মিত অভিবাসীর আগমনের বিষয়টি উল্লেখ করে ডোব্রিন্ড বলেন, সীমান্ত নিয়ন্ত্রণ শুধু নিরাপত্তার জন্য নয়, জার্মানির অভিবাসন নীতিতে পরিবর্তনেরও সংকেত। তার দাবি, এ পদক্ষেপের কারণে ইউরোপজুড়ে সক্রিয় পাচারকারী চক্র বড় ধাক্কা খেয়েছে।

শেনজেন চুক্তির আওতায় সদস্য দেশগুলোর মধ্যে মানুষ ও পণ্যের অবাধ চলাচল নিশ্চিত করা হয়। তবে বিশেষ পরিস্থিতিতে সাময়িকভাবে অভ্যন্তরীণ সীমান্ত নিয়ন্ত্রণ চালু করার সুযোগ রয়েছে। কোভিড-১৯ মহামারির সময়ও অনেক দেশ এ ধরনের ব্যবস্থা নিয়েছিল।

জার্মানি ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে অতিরিক্ত সীমান্ত নিয়ন্ত্রণ চালু করেছে। এরপর তিনবার এর মেয়াদ বাড়ানো হয়েছে। ইউরোপীয় কমিশন বারবার বলেছে, দীর্ঘদিন ধরে এ ধরনের নিয়ন্ত্রণ চালু রাখা শেনজেন ব্যবস্থার মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক।

জার্মানি ডেনমার্ক, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, ফ্রান্স, লুক্সেমবার্গ, বেলজিয়াম ও নেদারল্যান্ডস—এই নয়টি দেশের সঙ্গে সীমান্ত ভাগ করে।

জার্মানি ছাড়াও নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ডেনমার্ক, ফ্রান্স, ইতালি, নরওয়ে, স্লোভেনিয়া ও সুইডেন বিভিন্ন সময়ে অভ্যন্তরীণ সীমান্তে নিয়ন্ত্রণ চালু করেছে।

ইউরোপীয় কমিশন গত জুনে বলেছিল, জার্মানি কেন সব সীমান্তে একই ধরনের নিয়ন্ত্রণ চালু রাখতে চাইছে, সে বিষয়ে যথেষ্ট তথ্য দেয়নি। কমিশনের মতে, হুমকির মাত্রা অনুযায়ী বিভিন্ন সীমান্তে ভিন্ন মাত্রার ব্যবস্থা নেওয়া উচিত।

এ ছাড়া সীমান্তবর্তী এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা প্রতিদিনের ভোগান্তি নিয়ে অভিযোগ করেছেন। ইউরোপীয় কমিশন বলেছে, জার্মানির উচিত বিকল্প ব্যবস্থা খোঁজা এবং ধীরে ধীরে অভ্যন্তরীণ সীমান্ত নিয়ন্ত্রণ তুলে নেওয়া।