ভারতে আন্তর্জাতিক যাত্রীদের বোর্ডিং পাসে আর ইমিগ্রেশন সিল নয়

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬

ভারত থেকে আন্তর্জাতিক ভ্রমণে ইমিগ্রেশন প্রক্রিয়া আরও সহজ করতে নতুন নিয়ম চালু করছে দেশটি। আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে আন্তর্জাতিক যাত্রীদের বোর্ডিং পাসে ইমিগ্রেশন সিল দেওয়ার নিয়ম বাতিল করা হচ্ছে।

ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন জানিয়েছে, নতুন নিয়মে যাত্রীদের ইমিগ্রেশন কাউন্টারে শুধু পাসপোর্ট দেখালেই প্রক্রিয়া সম্পন্ন হবে। বোর্ডিং পাসে আর কোনো সিল দেওয়ার প্রয়োজন হবে না।

যাত্রীরা মোবাইল ফোনে ই-বোর্ডিং পাস দেখাতে পারবেন। চাইলে এর প্রিন্টেড কপিও ব্যবহার করা যাবে। তবে মোবাইল বা প্রিন্ট—কোনো ধরনের বোর্ডিং পাসেই ইমিগ্রেশনের সিল দেওয়া হবে না।

এতদিন আন্তর্জাতিক যাত্রীদের বোর্ডিং পাসে ইমিগ্রেশন সিল দেওয়ার প্রচলন ছিল। এতে অতিরিক্ত সময় লাগার পাশাপাশি ভুল সিল বা অস্পষ্ট কালির কারণে তথ্য পড়তে সমস্যা হওয়ার অভিযোগও ছিল। এসব ঝামেলা কমাতেই নতুন নিয়ম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন ব্যবস্থায় অনলাইনে চেক-ইন করা যাত্রীরা সরাসরি মোবাইলের ই-বোর্ডিং পাস ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে প্রিন্টেড বোর্ডিং পাস ব্যবহারের সুযোগও থাকবে।

ভারতের সব আন্তর্জাতিক বিমানবন্দরে একই নিয়ম কার্যকর হবে। ফলে বিমানবন্দরভেদে নিয়মের পার্থক্যজনিত বিভ্রান্তিও কমবে বলে আশা করা হচ্ছে।

নতুন নিয়ম বাস্তবায়নে ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন ইতোমধ্যে সংশ্লিষ্ট বিমানবন্দর, এয়ারলাইনস ও নিরাপত্তা সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছে। সিআইএসএফসহ অন্যান্য নিরাপত্তা সংস্থাকেও নতুন ব্যবস্থার বিষয়ে জানানো হয়েছে।

যাত্রীদের নতুন নিয়ম সম্পর্কে জানাতে বিমানবন্দরগুলোতে ডিজিটাল নির্দেশনা ও সাইনবোর্ড স্থাপন করা হবে।

নতুন ব্যবস্থা চালু হলে আন্তর্জাতিক যাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়ায় সময় ও ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে ভারতের বিমানবন্দর ব্যবস্থাপনায় ডিজিটাল সেবার ব্যবহার আরও বাড়বে।