আমেরিকার সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৬

বিশ্বজুড়ে ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নেওয়ার মধ্যেই নতুন এই সিদ্ধান্তের খবর এলো।

গতকাল ২৫ ডিসেম্বর ২০২৬ মঙ্গলবার আমেরিকার পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এর সঙ্গে সামঞ্জস্য রাখতে ভিসাসেবা–সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্টের সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে।

ইতোমধ্যে যেসব অভিবাসী ভিসাপ্রার্থীর সাক্ষাৎকারের সময় নির্ধারিত ছিল, তাঁদের ই-মেইলে জানানো হয়েছে যে অ্যাপয়েন্টমেন্ট পুনর্নির্ধারণ করা হচ্ছে। নতুন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রশিক্ষণের লক্ষ্য হলো কনস্যুলার কর্মকর্তাদের এমন আবেদনকারী শনাক্ত করতে সহায়তা করা, যাঁরা আমেরিকার সরকারি জনকল্যাণমূলক সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন বলে মনে করা হয়। পাশাপাশি ভিসাপ্রার্থীদের মূল্যায়ন যেন আরও সামগ্রিক ও ধারাবাহিকভাবে করা হয়, সেটিও নিশ্চিত করতে চায় আমেরিকা।

এর আগে ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসন ঠেকাতে ব্যাপক অভিযান শুরু করে। এর পাশাপাশি ভিসা ও গ্রিন কার্ড বাতিল এবং ভিসা আবেদন প্রত্যাখ্যানের মতো কঠোর পদক্ষেপও নেওয়া হয়েছে।

তবে অভিবাসন নীতিতে ট্রাম্প প্রশাসনকে আইনি চ্যালেঞ্জের মুখেও পড়তে হয়েছে। গত শুক্রবার আমেরিকার একজন বিচারক বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের অভিবাসী ভিসা স্থগিতের একটি নীতি বাতিল করেন। বিচারকের মতে, ওই নীতির মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাঁর আইনি ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিতের খবরটি প্রথম প্রকাশ করে ফাইন্যান্সিয়াল টাইমস। মানবাধিকার সংগঠনগুলো ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী কঠোর অভিযানের সমালোচনা করেছে। তাদের অভিযোগ, এসব পদক্ষেপ বৈষম্যমূলক এবং মতপ্রকাশের স্বাধীনতা ও যথাযথ আইনি প্রক্রিয়ার অধিকারকে ক্ষতিগ্রস্ত করছে।

২০২৪ সালের নির্বাচনী প্রচারে ট্রাম্প অবৈধ অভিবাসন বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্ষমতায় আসার পর তাঁর প্রশাসনের বিভিন্ন পদক্ষেপে বৈধ অভিবাসন প্রক্রিয়াও কঠিন হয়ে উঠছে। আর এবার বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট পুনর্নির্ধারণের সিদ্ধান্তে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ভিসাপ্রার্থীদের মধ্যে।