বাংলাদেশের সাথে ৩৪ দেশের ভিসা অব্যাহতি চুক্তি
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৬
বাংলাদেশের সাথে বর্তমানে ৩৪টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর রয়েছে। তবে এসব চুক্তির সুবিধা সব ধরনের পাসপোর্টধারীর জন্য প্রযোজ্য নয়। ৩১টি দেশের ক্ষেত্রে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীরা নির্দিষ্ট শর্তে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। দুটি দেশের ক্ষেত্রে শুধু কূটনৈতিক পাসপোর্টধারীরা এই সুবিধা পান। আর একটি দেশের ক্ষেত্রে সব ধরনের পাসপোর্টধারীর জন্য ভিসা অব্যাহতি রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন শাখা-২ থেকে গত ২৪ আগস্ট প্রকাশিত এক তালিকায় এসব তথ্য জানানো হয়েছে। চলতি বছরের ১ জুলাই পর্যন্ত কার্যকর থাকা চুক্তির ভিত্তিতে তালিকাটি তৈরি করা হয়েছে।
কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি রয়েছে সিঙ্গাপুর, ভিয়েতনাম, মিয়ানমার, চিলি, লাওস, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কুয়েত, রাশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, ভারত, চীন, ব্রুনাই, ওমান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, কাতার, বতসোয়ানা, কসোভো, দক্ষিণ কোরিয়া, সার্বিয়া, আর্জেন্টিনা, কাজাখস্তান, থাইল্যান্ড, তিমুর-লেস্তে, গাম্বিয়া, পাকিস্তান ও মঙ্গোলিয়ার সাথে।
জাপান ও উজবেকিস্তানের সাথে শুধু কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি রয়েছে। অন্যদিকে মালদ্বীপের ক্ষেত্রে সব ধরনের পাসপোর্টধারী ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পান। তবে কর্মসংস্থানের উদ্দেশ্যে ভ্রমণ করলে এই সুবিধা প্রযোজ্য নয়।
চুক্তি অনুযায়ী, ভিসা ছাড়া অবস্থানের মেয়াদ দেশভেদে আলাদা। দক্ষিণ কোরিয়া ও মালদ্বীপের ক্ষেত্রে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত থাকার সুযোগ রয়েছে। সিঙ্গাপুর, ভিয়েতনাম, মিয়ানমার, চিলি, তুরস্ক, লাওস ও বেলারুশের ক্ষেত্রেও ৯০ দিন পর্যন্ত ভিসা ছাড়া থাকার সুবিধা রয়েছে।
ভারতের ক্ষেত্রে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীরা সর্বোচ্চ ৪৫ দিন থাকতে পারবেন। আর ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, রাশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ব্রুনাই, ওমান, সার্বিয়া, ব্রাজিল, কাতার, কসোভো, বতসোয়ানা, আর্জেন্টিনা, কাজাখস্তান ও পাকিস্তানের ক্ষেত্রে সাধারণত ৩০ দিন পর্যন্ত ভিসা অব্যাহতি সুবিধা রয়েছে।
চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক, সরকারি ও সাধারণ সরকারি চাকরির পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। তবে এই চুক্তিতে ভিসা ছাড়া থাকার নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি।
এদিকে তালিকায় কয়েকটি চুক্তিকে ‘প্রস্তাবিত ভিসা অব্যাহতি চুক্তি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তিমুর-লেস্তের সাথে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর চুক্তি হলেও সেটি এখনো কার্যকর হয়নি। মঙ্গোলিয়ার সাথে ২০২৫ সালের ১১ ডিসেম্বর এবং উজবেকিস্তানের সাথে একই বছরের ২৬ সেপ্টেম্বর চুক্তি স্বাক্ষরিত হলেও এসব চুক্তিও এখনো কার্যকর হয়নি।
গাম্বিয়ার সাথে ২০২৫ সালের ১৩ মার্চ চুক্তি স্বাক্ষর হলেও সেটি তালিকায় প্রস্তাবিত হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে পাকিস্তানের সাথে ২০২৫ সালের ২৪ আগস্ট ঢাকায় স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীরা ৩০ দিনের ভিসা অব্যাহতি সুবিধা পাবেন।
তবে ভিসা অব্যাহতি চুক্তি থাকলেও ভ্রমণের উদ্দেশ্য, পাসপোর্টের ধরন ও অবস্থানের মেয়াদ অনুযায়ী শর্ত ভিন্ন হতে পারে। তাই ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের সর্বশেষ নিয়ম ও প্রবেশসংক্রান্ত শর্ত যাচাই করা জরুরি।



