ভিসা আবেদনকারীদের প্রবেশপথ নিয়ে জার্মান দূতাবাসের নতুন নির্দেশনা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৬
ঢাকায় জার্মান দূতাবাসে ভিসা আবেদনকারীদের প্রবেশের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। ভিসা অ্যাপয়েন্টমেন্টের দিন আবেদনকারীদের নির্ধারিত প্রবেশপথ ব্যবহার করতে বলা হয়েছে।
সম্প্রতি ঢাকাস্থ জার্মান দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
দূতাবাস জানিয়েছে, তাদের কার্যালয়ে দুটি প্রবেশপথ রয়েছে। এর একটি দূতাবাসের কর্মীদের জন্য এবং অন্যটি ভিসা আবেদনকারীদের জন্য নির্ধারিত। ফলে অ্যাপয়েন্টমেন্টের দিন আবেদনকারীদের সঠিক গেট ব্যবহার করা জরুরি।
গুলশান-২ চক্কর থেকে দূতাবাসের দিকে আসা ভিসা আবেদনকারীদের দ্বিতীয় গেট দিয়ে প্রবেশ করতে বলা হয়েছে। আবেদনকারীরা যাতে প্রবেশপথ নিয়ে বিভ্রান্তিতে না পড়েন, সে জন্য সেখানে নিরাপত্তাকর্মীরা উপস্থিত থাকবেন। তারা প্রয়োজন অনুযায়ী আবেদনকারীদের সঠিক প্রবেশপথ দেখিয়ে দেবেন।
দূতাবাসের এই নির্দেশনার ফলে ভিসা আবেদনকারীদের প্রবেশপ্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। অনেক সময় নির্ধারিত প্রবেশপথ সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকায় আবেদনকারীদের বাড়তি ভোগান্তিতে পড়তে হয়। নতুন নির্দেশনা সেই সমস্যা কমাতে সহায়ক হবে।
জার্মান দূতাবাস জানিয়েছে, ভিসা অ্যাপয়েন্টমেন্টের দিন আবেদনকারীদের কী কী করতে হবে এবং পুরো প্রক্রিয়া কেমন হবে, সে বিষয়ে ধারাবাহিকভাবে তথ্য প্রকাশ করা হচ্ছে। এরই অংশ হিসেবে এবার দূতাবাসে প্রবেশের গেট সম্পর্কে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
ভিসা আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্টের আগে দূতাবাসের সর্বশেষ নির্দেশনা দেখে নেওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ের কিছুটা আগে উপস্থিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।



