বিদেশে জন্ম নেওয়া সন্তানের নাগরিকত্বে নতুন নিয়ম কানাডার

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৬

কানাডার নাগরিকত্ব প্রমাণের আবেদনপ্রক্রিয়ায় নতুন পরিবর্তন এনেছে দেশটির অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক দপ্তর (আইআরসিসি)। নাগরিকত্বের আবেদনকারীদের জন্য চারটি গুরুত্বপূর্ণ নথি হালনাগাদ করা হয়েছে। নতুন নিয়মে বিদেশে জন্ম নেওয়া নির্দিষ্ট শ্রেণির শিশুদের নাগরিকত্বের ক্ষেত্রে বাবা-মায়ের কানাডায় শারীরিক উপস্থিতির প্রমাণকে গুরুত্ব দেওয়া হয়েছে।

আইআরসিসি গত ২৫ আগস্ট নাগরিকত্বের আবেদন ফর্ম CIT 0001, ডকুমেন্ট চেকলিস্ট CIT 0014, শারীরিক উপস্থিতির ফর্ম CIT 0555 এবং সংশ্লিষ্ট নির্দেশিকা হালনাগাদ করেছে।

নতুন নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের ১৫ ডিসেম্বর বা তার পর বিদেশে জন্ম নেওয়া শিশুদের ক্ষেত্রে বাবা-মা দুজনই যদি কানাডার বাইরে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে নাগরিকত্বের যোগ্যতা প্রমাণে বাবা বা মাকে সন্তানের জন্মের আগে অন্তত ১ হাজার ৯৫ দিন কানাডায় শারীরিকভাবে উপস্থিত থাকার প্রমাণ দিতে হবে।

তবে ২০২৫ সালের ১৫ ডিসেম্বরের আগে জন্ম নেওয়া শিশুদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না। নতুন ব্যবস্থাটি বিল সি-৩-এর মাধ্যমে প্রথম প্রজন্মের নাগরিকত্বের সীমাবদ্ধতা পরিবর্তনের পর কার্যকর হয়েছে।

যেসব নথি দিতে হতে পারে

নাগরিকত্বের দাবির পক্ষে আইআরসিসি এবার প্রমাণের বিষয়টি আরও নির্দিষ্ট করেছে। গ্রহণযোগ্য নথির মধ্যে থাকতে পারে চাকরি ও শিক্ষার রেকর্ড, ভ্রমণের তথ্য, বাসস্থানের নথি এবং কানাডা সরকারের বিভিন্ন নথি।

এ ছাড়া ধর্মীয় প্রতিষ্ঠান বা ইউনিয়নের শপথপত্র এবং তৃতীয় পক্ষের শপথপত্রও প্রমাণ হিসেবে দেওয়া যেতে পারে। আগে শুধু প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র গ্রহণ করা হলেও এখন এ ধরনের নথি শপথপত্র আকারে জমা দিতে হবে।

শপথপত্রে স্বাক্ষরকারীর নাম, ঠিকানা ও যোগাযোগের তথ্য থাকতে হবে। তবে পরিবারের সদস্যরা এ ধরনের শপথপত্র দিতে পারবেন না।

তথ্য যাচাই করবে আইআরসিসি

CIT 0555 ফর্মে স্পষ্ট করা হয়েছে, আবেদনকারীর দেওয়া তথ্য আইআরসিসি যাচাই করতে পারে। কানাডায় শারীরিক উপস্থিতির দাবি নিশ্চিত করতে পারে—এমন ব্যক্তিদের যোগাযোগের তথ্যও আবেদনকারীকে দিতে হতে পারে।

আবেদন অসম্পূর্ণ থাকলে আইআরসিসি তা সাধারণত ফেরত পাঠাবে। তবে আবেদনকারী প্রয়োজনীয় অতিরিক্ত নথি ওয়েব ফর্মের মাধ্যমে জমা দেওয়ার সুযোগ পাবেন। আবেদন প্রক্রিয়া চলাকালে কোনো তথ্য পরিবর্তন হলে সেটিও কর্তৃপক্ষকে জানাতে হবে।

কিছু ক্ষেত্রে রয়েছে বিকল্প ব্যবস্থা

শারীরিক উপস্থিতির শর্ত পূরণ করা সম্ভব না হলেও নির্দিষ্ট ক্ষেত্রে নাগরিকত্বের বিকল্প পথ রয়েছে। কানাডায় জন্ম নেওয়া শিশু সাধারণভাবে জন্মসূত্রে নাগরিকত্ব পায়। আবার বাবা বা মা যদি ক্রাউন সার্ভেন্ট—যেমন কানাডার সামরিক বাহিনী বা ফেডারেল কিংবা প্রাদেশিক সরকারের কর্মী—হিসেবে দায়িত্ব পালন করেন, তাহলে নির্দিষ্ট শর্তে এই উপস্থিতির নিয়ম প্রযোজ্য নাও হতে পারে।

এ ছাড়া শিশু স্থায়ীভাবে কানাডায় বসবাসের পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে। কোনো শিশু রাষ্ট্রহীন হয়ে পড়ার ঝুঁকিতে থাকলে বিশেষ বিবেচনায় নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

নতুন পরিবর্তনের ফলে বিদেশে জন্ম নেওয়া কানাডীয় নাগরিকদের সন্তানদের নাগরিকত্বের আবেদন করার আগে প্রয়োজনীয় নথি ও কানাডায় বাবা-মায়ের শারীরিক উপস্থিতির প্রমাণ প্রস্তুত রাখার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।