বিদেশে উচ্চশিক্ষা, কম খরচে যে ১০ দেশে যেতে পারেন

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬

বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের অন্যতম বড় চিন্তা টিউশন ফি ও জীবনযাত্রার খরচ। তবে তুলনামূলক কম খরচে মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ রয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশে। টিউশন ফি, বাসস্থান, খাবার, যাতায়াত ও অন্যান্য খরচ বিবেচনায় ২০২৬ সালে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী এমন ১০টি দেশের তালিকা তুলে ধরা হয়েছে।

শিক্ষাবিষয়ক ওয়েবসাইট Opportunities Circle-এর এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

১. জার্মানি

কম খরচে উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে জার্মানি অন্যতম জনপ্রিয় গন্তব্য। দেশটির অধিকাংশ সরকারি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের টিউশন ফি দিতে হয় না। তবে প্রতি সেমিস্টারে কয়েক শ ইউরোর মতো প্রশাসনিক ও অন্যান্য ফি দিতে হয়। মাসে জীবনযাত্রার খরচ আনুমানিক ৮৫০ থেকে ১ হাজার ১০০ ইউরো।

২. পোল্যান্ড

পোল্যান্ডে ইংরেজি মাধ্যমে পড়ানো কোর্সে বছরে প্রায় ১ হাজার থেকে ৪ হাজার ইউরো পর্যন্ত টিউশন ফি লাগতে পারে। পোলিশ ভাষায় পরিচালিত কিছু সরকারি বিশ্ববিদ্যালয়ে বিনা টিউশন ফিতেও পড়ার সুযোগ রয়েছে। বাসস্থান বাদে মাসিক জীবনযাত্রার খরচ প্রায় ৪০০ থেকে ৬০০ ডলার।

৩. নরওয়ে

নরওয়ের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য টিউশন ফি না থাকার সুযোগ রয়েছে। তবে দেশটির জীবনযাত্রার খরচ তুলনামূলক বেশি। রাজধানী অসলোতে শেয়ার করা বাসায় একটি কক্ষের ভাড়া মাসে প্রায় ৭০০ থেকে ৯০০ ইউরো হতে পারে। নির্দিষ্ট শর্ত পূরণ করলে শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজ করতে পারেন।

৪. হাঙ্গেরি

বিষয় ও বিশ্ববিদ্যালয়ভেদে হাঙ্গেরিতে বছরে টিউশন ফি শূন্য থেকে প্রায় ৫ হাজার ডলার পর্যন্ত হতে পারে। মাসিক জীবনযাত্রার খরচ আনুমানিক ৭০০ থেকে ৯০০ ইউরো। দেশটির জনপ্রিয় Stipendium Hungaricum বৃত্তির মাধ্যমে টিউশন ফি, আবাসন ও মাসিক ভাতাসহ বিভিন্ন সুবিধা পাওয়া যায়।

৫. চেক প্রজাতন্ত্র

চেক ভাষায় পড়াশোনা করলে দেশটির সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি ছাড়াই পড়ার সুযোগ রয়েছে। তবে ইংরেজি মাধ্যমে পরিচালিত কোর্সে বছরে প্রায় ৩ হাজার থেকে ৫ হাজার ইউরো খরচ হতে পারে। রাজধানী প্রাগে মাসিক জীবনযাত্রার খরচ প্রায় ৫০০ থেকে ৭০০ ইউরো। শিক্ষার্থীদের আবাসিক হলে মাসে ১০০ থেকে ২০০ ইউরোর মধ্যেও থাকার সুযোগ রয়েছে।

৬. মালয়েশিয়া

এশিয়ার মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অন্যতম সাশ্রয়ী উচ্চশিক্ষার গন্তব্য মালয়েশিয়া। দেশটিতে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস রয়েছে। বছরে টিউশন ফি প্রায় ৭ হাজার থেকে ১২ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত, যা আনুমানিক ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৭০০ ডলারের সমান। মাসিক জীবনযাত্রার খরচ প্রায় ৩৩০ থেকে ৬৬০ ডলার।

৭. ভারত

কম খরচে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিবেশী ভারতও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ গন্তব্য। বিশ্ববিদ্যালয় ও শহরভেদে খরচে পার্থক্য রয়েছে। মাসিক জীবনযাত্রার ব্যয় প্রায় ১০ হাজার থেকে ২০ হাজার ভারতীয় রুপি হতে পারে। বড় শহরের তুলনায় ছোট শহরে থাকা ও খাওয়ার খরচ তুলনামূলক কম।

৮. অস্ট্রিয়া

অস্ট্রিয়ার অধিকাংশ সরকারি বিশ্ববিদ্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের বাইরের শিক্ষার্থীদের জন্য বছরে প্রায় ৭২৬ ইউরো টিউশন ফি রয়েছে। তবে কিছু নির্দিষ্ট প্রোগ্রামে ফি বেশি হতে পারে। রাজধানী ভিয়েনায় জীবনযাত্রার ব্যয় তুলনামূলক বেশি হলেও গ্রাৎস ও ইনসব্রুকের মতো শহরে খরচ কিছুটা কম হতে পারে।

৯. তাইওয়ান

তুলনামূলক কম টিউশন ফি, সরকারি সহায়তা ও বৃত্তির সুযোগের কারণে তাইওয়ানও আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয়। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বছরে আনুমানিক ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৫০০ ডলার টিউশন ফি লাগতে পারে। রাজধানী তাইপেতে জীবনযাত্রার খরচ দেশের অন্যান্য শহরের তুলনায় বেশি।

১০. মেক্সিকো

যুক্তরাষ্ট্র ও কানাডার তুলনায় মেক্সিকোতে উচ্চশিক্ষা ও জীবনযাত্রার খরচ তুলনামূলক কম। দেশটির সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনেক প্রোগ্রামে টিউশন ফি কম। কিছু প্রতিষ্ঠানে বিনা টিউশন ফিতেও পড়ার সুযোগ রয়েছে। পাশাপাশি জীবনযাত্রার ব্যয়ও অন্যান্য অনেক জনপ্রিয় গন্তব্যের তুলনায় কম।

বিদেশে উচ্চশিক্ষার জন্য দেশ বাছাইয়ের ক্ষেত্রে শুধু টিউশন ফি নয়, আবাসন, খাবার, যাতায়াত, স্বাস্থ্যবিমা, ভিসা ও অন্যান্য আনুষঙ্গিক খরচও বিবেচনা করা জরুরি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মান, শিক্ষার মাধ্যম, বৃত্তির সুযোগ এবং শিক্ষার্থীদের কাজের অনুমতিসংক্রান্ত নিয়মও যাচাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত।