নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে কাজের সুযোগ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৬
নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে কাজের সুযোগ পেতে বিদেশি শিক্ষার্থীদের জন্য ২৪ ধরনের অনুমোদিত শিক্ষাগত যোগ্যতার তালিকা প্রকাশ করেছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ২০২৬ সালের জন্য প্রকাশিত এই তালিকায় লেভেল ৪ সার্টিফিকেট থেকে লেভেল ৭ গ্র্যাজুয়েট ডিপ্লোমা পর্যন্ত বিভিন্ন কোর্স রাখা হয়েছে।
মূলত ইঞ্জিনিয়ারিং, নির্মাণ, শিক্ষা, কৃষি ও অটোমোটিভ ট্রেডস খাতের শিক্ষার্থীরা এই সুবিধার আওতায় আসবেন। তবে লেভেল ৭ বা তার নিচের নন-ডিগ্রি কোর্স সম্পন্নকারীদের পড়াশোনার সাথে সরাসরি সম্পর্কিত কাজে যুক্ত হতে হবে।
প্রকাশিত তালিকায় লেভেল ৭ গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন হাইওয়ে বা সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে। এই যোগ্যতা অর্জনকারীরা নির্মাণ প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কাজের সুযোগ পাবেন। একইভাবে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বা প্রজেক্ট ম্যানেজমেন্টে গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকলে প্রকল্প ব্যবস্থাপক বা নির্মাণকাজের সংশ্লিষ্ট পদে কাজ করা যাবে।
কোয়ান্টিটি সার্ভেয়িংয়ে লেভেল ৭ গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্নকারীরা কোয়ান্টিটি সার্ভেয়ার হিসেবে কাজের যোগ্যতা অর্জন করবেন।
শিক্ষা খাতেও সুযোগ রাখা হয়েছে। গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন টিচিং সম্পন্নকারীরা নিউজিল্যান্ড টিচিং কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে প্রাথমিক, মাধ্যমিক বা শিশু শিক্ষকের পদে কাজ করতে পারবেন। তবে শুধু শিক্ষাগত যোগ্যতা অর্জন করলেই হবে না, শিক্ষক হিসেবে নিবন্ধন ও সার্টিফিকেশন প্রক্রিয়াও সম্পন্ন করতে হবে।
এ ছাড়া লেভেল ৬ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অন্তর্ভুক্ত রয়েছে। এসব বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরা সংশ্লিষ্ট টেকনিশিয়ান পদে কাজের সুযোগ পাবেন।
কৃষি খাতের জন্যও কয়েকটি যোগ্যতা রাখা হয়েছে। লেভেল ৫ বা তার বেশি ডিপ্লোমা ইন ফার্ম ম্যানেজমেন্ট, এগ্রিকালচার বা ডেইরি টেকনোলজি সম্পন্নকারীরা ডেইরি ক্যাটল ফার্মার হিসেবে কাজ করতে পারবেন। এ ছাড়া লেভেল ৪ সার্টিফিকেট ইন এগ্রিকালচার—ডেইরি বা লাইভস্টক ফার্মিং—থাকলেও সংশ্লিষ্ট কাজের সুযোগ রয়েছে।
অটোমোটিভ খাতেও রয়েছে নির্দিষ্ট যোগ্যতা। লেভেল ৪ সার্টিফিকেট ইন অটোমোটিভ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা হেভি অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সম্পন্নকারীরা অটোমোটিভ ইলেকট্রিশিয়ান বা ডিজেল মেকানিক হিসেবে কাজ করতে পারবেন।
নিউজিল্যান্ড সরকারের এই তালিকার মাধ্যমে বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনা বেছে নেওয়ার ক্ষেত্রে আগাম ধারণা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। কোন বিষয়ে পড়াশোনা করলে পরে কোন ধরনের চাকরিতে কাজ করা যাবে, তা নির্দিষ্ট করে দেওয়ায় শিক্ষার্থীরা পড়াশোনা শুরুর আগেই তাদের সম্ভাব্য কর্মসংস্থানের পথ সম্পর্কে পরিকল্পনা করতে পারবেন।



