শ্রমিক সংকটে জাপান, বিদেশি কর্মী নিয়োগ বাড়াচ্ছে প্রতিষ্ঠানগুলো

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৬
জাপানে-বাংলাদেশীদের-কাজের-সুযোগ-২০২৫ (2)

জাপানে জনসংখ্যা কমে যাওয়া ও বয়স্ক কর্মশক্তির কারণে শ্রমিক সংকট তীব্র হচ্ছে। এ পরিস্থিতিতে সংকট মোকাবিলায় বিদেশি কর্মী নিয়োগ বাড়াচ্ছে দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান। এক জরিপে দেখা গেছে, ২০২৫ সালে ৬৮ দশমিক ২ শতাংশ প্রতিষ্ঠান শ্রমিক সংকট কাটাতে বিদেশি কর্মী নিয়োগ করেছে।

জাপানে জনসংখ্যা হ্রাস ও বয়স্ক কর্মশক্তির কারণে শ্রমবাজারে কর্মীর ঘাটতি ক্রমেই তীব্র হচ্ছে। এই সংকট মোকাবিলায় দেশটির প্রতিষ্ঠানগুলো বিদেশি কর্মী নিয়োগের দিকে আরও বেশি ঝুঁকছে।

জাপানের শ্রম মন্ত্রণালয়ের এক জরিপে দেখা গেছে, ২০২৫ সালে ৬৮ দশমিক ২ শতাংশ প্রতিষ্ঠান শ্রমিক সংকট মোকাবিলায় বিদেশি কর্মী নিয়োগ করেছে। ২০২৩ সালের পর থেকে প্রতি বছরই প্রতিষ্ঠানগুলোর বিদেশি কর্মী নিয়োগের প্রধান কারণ হিসেবে শ্রমিক সংকট উঠে এসেছে।

জরিপে অংশ নেওয়া ৫৬ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে বিদেশি কর্মী নিয়োগ করেছে তারা। আর ১৮ শতাংশ প্রতিষ্ঠান কর্মক্ষেত্রকে আরও আন্তর্জাতিক করে তুলতে বিদেশি কর্মী নিয়োগের কথা জানিয়েছে।

টেইকোকু ডেটাব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের অর্ধেকের বেশি প্রতিষ্ঠান পূর্ণকালীন কর্মীর সংকটে রয়েছে। প্রায় ৩০ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, তারা পর্যাপ্ত খণ্ডকালীন কর্মীও পাচ্ছে না। এর মধ্যে জুলাইয়ে দেশটির বেকারত্বের হার কমে ২ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে, যা এক বছরের মধ্যে সর্বনিম্ন।

বিদেশি কর্মী বাড়লেও ভিসায় কড়াকড়ি

জাপানে বিদেশি কর্মীর চাহিদা বাড়লেও অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তিনি আবাসনসংক্রান্ত ভিসার যোগ্যতার নিয়ম কঠোর করেছেন এবং এ বিষয়ে কাজ করার জন্য একজন বিশেষ মন্ত্রী নিয়োগ দিয়েছেন।

তাকাইচি বলেছেন, বিদেশি বাসিন্দাদের সংখ্যা বাড়ায় মানুষের মধ্যে উদ্বেগ ও অন্যায্যতার অনুভূতি তৈরি হচ্ছে। এ কারণেই তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন।

২০২৫ সালের শেষ দিকে জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা প্রথমবারের মতো ৪০ লাখ ছাড়িয়েছে। আগের বছরের তুলনায় এ সংখ্যা ৯ দশমিক ৫ শতাংশ বেশি। এই সংখ্যার মধ্যে স্থায়ী বাসিন্দা, শিক্ষার্থী এবং বিভিন্ন স্বল্পমেয়াদি কর্মসূচির আওতায় আসা কর্মীরাও রয়েছেন।

ভাষা ও প্রশাসনিক জটিলতায় সমস্যা

শ্রম মন্ত্রণালয়ের জরিপে বিদেশি কর্মীদের নিয়োগ ও কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথাও উঠে এসেছে। প্রায় অর্ধেক প্রতিষ্ঠান বিদেশি কর্মীদের সাথে যোগাযোগের ক্ষেত্রে সমস্যার কথা জানিয়েছে। এক-চতুর্থাংশ প্রতিষ্ঠান ভিসা পাওয়াসহ বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়াকে জটিল বলে উল্লেখ করেছে। ২২ শতাংশ প্রতিষ্ঠান সাংস্কৃতিক পার্থক্যের কারণে সমস্যার মুখোমুখি হওয়ার কথা জানিয়েছে।

তবে বিদেশি কর্মীদের প্রায় ৯০ শতাংশ জানিয়েছেন, কর্মক্ষেত্রে তারা কোনো সমস্যার মুখোমুখি হননি।

যারা সমস্যার কথা জানিয়েছেন, তাদের মধ্যে ২২ দশমিক ২ শতাংশ ব্রোকারেজ বা মধ্যস্থতাকারী ফি বেশি হওয়ার কথা বলেছেন। আর ১৫ দশমিক ৮ শতাংশ জানিয়েছেন, সমস্যায় পড়লে কোথায় সহায়তা চাইতে হবে, তা তারা জানেন না।

শ্রম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বর্তমান কাঠামোর মধ্যেই কর্মসংস্থান ব্যবস্থাপনা আরও উন্নত করতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা হবে।

এদিকে জাতীয় জনসংখ্যা ও সামাজিক নিরাপত্তা গবেষণা ইনস্টিটিউটের ২০২৩ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০৭০ সালে জাপানের মোট জনসংখ্যার ১০ দশমিক ৮ শতাংশ বিদেশি নাগরিক হতে পারেন। ২০২০ সালে এই হার ছিল মাত্র ২ দশমিক ২ শতাংশ।

ফলে একদিকে শ্রমিক সংকট মোকাবিলায় জাপানে বিদেশি কর্মীর চাহিদা বাড়ছে, অন্যদিকে বিদেশি বাসিন্দার সংখ্যা নিয়ন্ত্রণে অভিবাসন নীতিতে কড়াকড়িও অব্যাহত রয়েছে।