চীনের ভিসা-মুক্ত ট্রানজিট সুবিধা পাচ্ছেন না বাংলাদেশিরা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬
চীন বিদেশি নাগরিকদের জন্য ভিসা-মুক্ত ভ্রমণ ও ট্রানজিট সুবিধা বাড়ালেও এতে নেই বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা। ফলে চীনে ভ্রমণের পাশাপাশি ২৪ ঘণ্টা ও ২৪০ ঘণ্টার ভিসা-মুক্ত ট্রানজিট সুবিধাও পাচ্ছেন না বাংলাদেশিরা। এমনকি স্বল্প সময়ের স্টপওভারের ক্ষেত্রেও প্রযোজ্য ভিসা প্রয়োজন হতে পারে।
বাংলাদেশ থেকে চীন ভ্রমণে পর্যটন, ব্যবসা, শিক্ষা বা পারিবারিক সফরের জন্য সংশ্লিষ্ট ভিসায় আবেদন করতে হবে।
চীনের ভিসার জন্য প্রয়োজন—
– কমপক্ষে ৬ মাস মেয়াদযুক্ত বৈধ পাসপোর্ট পূর্ণাঙ্গ ভিসা আবেদন ফর্ম (COVA)
– সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি
– রিটার্ন ফ্লাইট বুকিং
– হোটেল বুকিং বা আমন্ত্রণপত্র
– জাতীয় পরিচয়পত্রের কপি
– ব্যাংক স্টেটমেন্ট বা অর্থের প্রমাণ
– চাকরির প্রমাণপত্র বা ব্যবসায়িক লাইসেন্স
বাংলাদেশ থেকে চীনের ভিসার আবেদন করতে হয় চীনা ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টার (CVASC), ঢাকায়।
সাধারণত ভিসা প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় ৪ কার্যদিবস লাগে। দ্রুত সেবা নিলে ২ থেকে ৩ দিনের মধ্যেও ভিসা পাওয়া যেতে পারে।
ভিসার ধরন ও মেয়াদের ওপর ফি নির্ভর করে। সাধারণ পর্যটন ভিসায় প্রায় ৭,০০০ থেকে ৯,০০০ টাকা খরচ হতে পারে। দ্রুত সেবার জন্য অতিরিক্ত চার্জ দিতে হয়।
অন্যদিকে, চীন ২০২৬ সালের শেষ পর্যন্ত ৫০টিরও বেশি দেশের নাগরিকদের জন্য সর্বোচ্চ ৩০ দিনের ভিসা-মুক্ত প্রবেশের সুবিধা রেখেছে। পাশাপাশি ২৪টি প্রদেশের ৬০টি খোলা বন্দরে ৫৫ দেশের নাগরিকরা ২৪০ ঘণ্টা পর্যন্ত ভিসা-মুক্ত ট্রানজিট সুবিধা পাচ্ছেন।
তবে এই সুবিধার তালিকায় বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা না থাকায় চীন ভ্রমণের আগে বাংলাদেশিদের অবশ্যই সংশ্লিষ্ট ভিসা ও ট্রানজিটের নিয়ম যাচাই করে নিতে হবে।



