উচ্চশিক্ষার পর ইন্টার্নশিপে কঠোর হচ্ছে আমেরিকা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬
আমেরিকায় উচ্চশিক্ষা নিতে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন করে গুরুত্বপূর্ণ সতর্কতা।
পড়াশোনার পাশাপাশি ইন্টার্নশিপ করার ক্ষেত্রে এবার নিয়ম আরও কঠোরভাবে মানতে হবে শিক্ষার্থীদের।
ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো ইন্টার্নশিপ অবশ্যই শিক্ষার্থীর নির্দিষ্ট শিক্ষাক্রমের গুরুত্বপূর্ণ অংশ হতে হবে। শুধু পড়াশোনার পাশাপাশি কাজের অভিজ্ঞতা নেওয়ার জন্য ইন্টার্নশিপ করার সুযোগ সীমিত হতে পারে।
এ ছাড়া শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় এবং যে প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করবেন—এই দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক সমঝোতা বা অংশীদারিত্ব থাকাও গুরুত্বপূর্ণ।
আমেরিকায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কারিকুলামভিত্তিক ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ রয়েছে। তবে নতুন নির্দেশনায় এই ব্যবস্থার অপব্যবহার হচ্ছে কি না, সেটি আরও কঠোরভাবে যাচাই করার ওপর জোর দেওয়া হয়েছে।
নিয়ম না মানলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থী ভর্তি করার সরকারি অনুমোদন হারানোর ঝুঁকিতেও পড়তে পারে।
ইতোমধ্যে কিছু বিশ্ববিদ্যালয় নতুন নির্দেশনার প্রভাব পর্যালোচনা করতে নির্দিষ্ট ধরনের ইন্টার্নশিপের আবেদন সাময়িকভাবে স্থগিত করেছে।
এতে আমেরিকায় পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ পড়াশোনার পাশাপাশি ইন্টার্নশিপ অনেক শিক্ষার্থীর দক্ষতা ও ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার গুরুত্বপূর্ণ অংশ।
তবে মার্কিন কর্তৃপক্ষ বলছে, নতুন করে কোনো নিয়ম কার্যকর করা হয়নি। বরং আগে থেকেই থাকা নিয়মগুলো আরও কঠোরভাবে প্রয়োগ করা হবে।
তাই আমেরিকায় পড়াশোনা করা বাংলাদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ শুরুর আগে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের অনুমোদন, ইন্টার্নশিপটি কারিকুলামের অংশ কি না এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক সম্পর্ক আছে কি না—এসব নিশ্চিত করে নেওয়া জরুরি।



