অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা পাওয়া দিন দিন কঠিন হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে ভিসা আবেদনের ফি বৃদ্ধি, ঝুঁকি মূল্যায়নের স্তর পরিবর্তন এবং আবেদন যাচাইয়ে বাড়তি প্রমাণ চাওয়ার কারণে ভিসা প্রক্রিয়ায় এসেছে নানা পরিবর্তন। ফলে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের আগের তুলনায় বেশি প্রস্তুতি নিতে হচ্ছে।

গত জুলাইয়ে অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসার আবেদন ফি ২ হাজার ডলার থেকে বাড়িয়ে ২ হাজার ৫০০ ডলার করা হয়েছে। এর ফলে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদনের ক্ষেত্রে অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম ব্যয়বহুল গন্তব্যে পরিণত হয়েছে। তুলনায় ব্রিটেনে ভিসা আবেদন ফি ৯৩৫ ডলার, আমেরিকায় ৭৭৫ ডলার এবং কানাডায় ২৪০ ডলার।

স্টাডিনেটের কান্ট্রি ডিরেক্টর নাহিদ ইসলাম মাইগ্রেশন কনসার্নকে বলেন, অস্ট্রেলিয়ার ভিসা আবেদন ফি সবচেয়ে বেশি। কোনো শিক্ষার্থীর আবেদন বাতিল হলে এই অর্থ ফেরত দেওয়া হয় না। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময় এক সেমিস্টারের ফি জমা দিতে হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে তা ফেরত পাওয়ার সুযোগ থাকে। তাই স্টুডেন্ট ভিসার আবেদন করার আগে শিক্ষার্থী ও তার পরিবারকে মানসিক ও আর্থিকভাবে প্রস্তুত থাকতে হচ্ছে।

ঝুঁকি মূল্যায়নের স্তরে পরিবর্তন

ভিসার খরচ বাড়ার পাশাপাশি চলতি বছরের শুরুতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশকে অ্যাসেসমেন্ট লেভেল ওয়ান থেকে লেভেল থ্রিতে নামিয়েছে অস্ট্রেলিয়া। এর ফলে এসব দেশের শিক্ষার্থীদের ভিসা আবেদন আগের তুলনায় বেশি যাচাই-বাছাইয়ের মুখে পড়ছে।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ এখন রিস্ক লেভেল ক্যাটাগরিতে থাকায় শিক্ষার্থীদের আবেদন আরো সতর্কতার সাথে যাচাই করা হচ্ছে। ফলে আগের মতো সহজে ভিসা পাওয়া যাচ্ছে না।

নিউরন এডুকেয়ারের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার জয়ন্ত বড়ুয়া বলেন, অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসার আবেদন এখন অনেক বেশি প্রমাণনির্ভর হয়েছে। আগে এভিডেন্স লেভেল ওয়ানে থাকায় আবেদন প্রক্রিয়া তুলনামূলক সহজ ছিল। এখন লেভেল থ্রিতে নামানোর কারণে আবেদনে প্রয়োজনীয় প্রমাণ ও নথির ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

আর্থিক সক্ষমতা ও একাডেমিক ফল গুরুত্বপূর্ণ

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের আর্থিক সক্ষমতা, শিক্ষার্থীর একাডেমিক ফলাফল ও ইংরেজি ভাষায় দক্ষতার বিষয়গুলোতে আরো বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

শিক্ষার্থীর পড়াশোনার ইতিহাস, নির্বাচিত কোর্স, আর্থিক সামর্থ্য এবং অস্ট্রেলিয়ায় পড়াশোনার উদ্দেশ্য—এসব বিষয়ও ভিসা আবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচনে সতর্কতা

২০২৬ ও ২০২৭ সালে বছরে ২ লাখ ৯৫ হাজার বিদেশি শিক্ষার্থীকে ভিসা ও ভর্তির সুযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হলেও শিক্ষার্থী গ্রহণের ক্ষেত্রে অস্ট্রেলিয়া বিভিন্ন অগ্রাধিকার নির্ধারণ করছে। শহর ও আঞ্চলিক এলাকার পাশাপাশি কোন বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি হতে চাইছেন, সেটিও ভিসা পাওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।

এ ছাড়া শুধু স্থায়ী বসবাসের (পিআর) তালিকায় থাকা কোর্সে ভর্তি হওয়ার লক্ষ্য নিয়ে আবেদন করলেও ঝুঁকি বাড়তে পারে। ফলে যেকোনো কলেজে ভর্তি হয়ে অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা পাওয়ার আগের কৌশলটি এখন অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের কোর্স, শিক্ষাপ্রতিষ্ঠান ও আর্থিক পরিকল্পনা বেছে নেওয়ার ক্ষেত্রে আগের তুলনায় অনেক বেশি সতর্ক হতে হবে।