জার্মানিতে জাতিসংঘের আয়োজনে বাংলাদেশি তরুণদের সুযোগ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬

তরুণদের জন্য জার্মানিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের ইয়ুথ টাউন হল ২০২৬। আগামী ৮ থেকে ১০ ডিসেম্বর জার্মানির হাইডেলবার্গে অনুষ্ঠেয় এ আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের এক হাজারের বেশি তরুণ অংশ নেবেন। এ আয়োজনে অংশ নিতে নির্বাচিত সীমিতসংখ্যক তরুণকে ভ্রমণ ও অন্যান্য খরচের জন্য অর্থসহায়তা দেওয়া হবে।

জাতিসংঘের ইয়ুথ অফিস ও অংশীদারদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে তরুণদের পাশাপাশি বিভিন্ন দেশের সরকার, জাতিসংঘ, নাগরিক সমাজ, শিক্ষাবিদ, বেসরকারি খাতসহ বিভিন্ন অংশীজন অংশ নেবেন।

আয়োজনে বড় পরিসরের আলোচনা, ফায়ারসাইড চ্যাট, গোলটেবিল বৈঠক ও ছোট দলের আলোচনা অনুষ্ঠিত হবে। এসব আয়োজনে বিভিন্ন প্রজন্ম ও খাতের নীতিনির্ধারকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।

কারা আবেদন করতে পারবেন

১৮ থেকে ৩৫ বছর বয়সী বাংলাদেশি তরুণেরা এ আয়োজনের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর স্থানীয়, জাতীয়, আঞ্চলিক বা আন্তর্জাতিক পর্যায়ে তরুণদের নেতৃত্বে পরিচালিত কোনো উদ্যোগ, প্রকল্প, সংগঠন, আন্দোলন বা কার্যক্রমে যুক্ত থাকার অভিজ্ঞতা থাকতে হবে।

এ ছাড়া ইংরেজি ভাষায় স্বাচ্ছন্দ্যে যোগাযোগের সক্ষমতাও আবেদনের অন্যতম শর্ত। নির্বাচিত প্রার্থীদের ৮ থেকে ১০ ডিসেম্বরের পুরো আয়োজনের পাশাপাশি এর আগে নির্ধারিত প্রস্তুতিমূলক সভাগুলোতেও অংশ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

তরুণ নেতৃত্ব, অ্যাডভোকেসি, স্বেচ্ছাসেবা, তৃণমূল পর্যায়ের সংগঠন বা উদ্যোগের সঙ্গে কাজের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি টেকসই উন্নয়ন, মানবাধিকার, শান্তি ও নিরাপত্তা এবং আন্তপ্রজন্মীয় সহযোগিতার সঙ্গে সংশ্লিষ্ট অভিজ্ঞতাও বিবেচনায় নেওয়া হবে।

যেসব সুবিধা মিলবে

আয়োজনে নির্বাচিত অংশগ্রহণকারীদের সীমিতসংখ্যক অর্থসহায়তা দেওয়া হবে। এর আওতায় নিজ দেশের বাসস্থান থেকে জার্মানির অনুষ্ঠানস্থল পর্যন্ত যাওয়া-আসার বিমান টিকিটের খরচ দেওয়া হতে পারে।

এ ছাড়া যাতায়াতের জন্য জাতিসংঘের নির্ধারিত হারে টার্মিনাল খরচ এবং ভ্রমণের সময় দৈনিক ভাতা দেওয়ার ব্যবস্থা রয়েছে। ভিসা ফি পরিশোধের পর রসিদ জমা দিলে তা ফেরত দেওয়ার সুযোগও থাকবে।

প্রতিবন্ধী তরুণদের জন্য প্রয়োজনীয় যৌক্তিক আবাসনের সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী তরুণেরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট (ইস্টার্ন টাইম)

আবেদন: অনলাইন আবেদন ফরম

আবেদন করার আগে যোগ্যতা, নির্বাচনের প্রক্রিয়া, অর্থসহায়তা ও অন্যান্য শর্ত ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: অপরচুনিটি সার্কেল