গবেষণায় জার্মানি যেতে ফেলোশিপ, মিলবে মাসিক ভাতা ও আবাসন
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৬
দক্ষিণ এশিয়ার তরুণ গবেষকদের জন্য ফেলোশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটি ও ম্যাক্স ওয়েবার ফোরাম ফর সাউথ এশিয়ান স্টাডিজ, দিল্লি। এ ফেলোশিপের আওতায় ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের তরুণ গবেষকেরা সর্বোচ্চ তিন মাস জার্মানিতে গবেষণার সুযোগ পাবেন। আবেদন করা যাবে আগামী ১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।
ফেলোশিপটির মূল লক্ষ্য দক্ষিণ এশিয়ার উদীয়মান গবেষকদের ইউরোপীয় একাডেমিক নেটওয়ার্কের সাথে যুক্ত করা এবং হাইডেলবার্গ ইউনিভার্সিটির সাউথ এশিয়া ইনস্টিটিউটের সাথে দীর্ঘমেয়াদি গবেষণা সহযোগিতার সুযোগ তৈরি করা।
সুযোগ-সুবিধা
- আন্তর্জাতিক যাতায়াত বা বিমানভাড়ার জন্য সর্বোচ্চ ১ হাজার ৫০০ ইউরো দেওয়া হবে।
- জার্মানিতে অবস্থানকালে প্রতি মাসে ১ হাজার ২০০ ইউরো স্কলারশিপ দেওয়া হবে।
- আবাসন বা বাড়িভাড়ার জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে।
- সাউথ এশিয়া ইনস্টিটিউটের বিভিন্ন বৈজ্ঞানিক ও একাডেমিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ থাকবে।
- ইউরোপীয় পণ্ডিত ও গবেষকদের সাথে মতবিনিময় এবং একাডেমিক নেটওয়ার্ক তৈরির সুযোগ পাওয়া যাবে।
- ভবিষ্যতে আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা ও তৃতীয় পক্ষের অর্থায়নের জন্য প্রকল্প উন্নয়নের সুযোগ থাকবে।
গবেষণার বিষয়
ইথনোলজি বা নৃতত্ত্ব, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, আধুনিক ভাষা ও দক্ষিণ এশিয়ার সাহিত্য, দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক ও ধর্মীয় ইতিহাস এবং ক্ল্যাসিক্যাল ইন্ডোলজি বিষয়ে গবেষণারতরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।
ফেলোশিপের সময়কাল
২০২৭ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত এ ফেলোশিপ চলবে। নির্বাচিত গবেষকদের অবস্থানের মূল কেন্দ্র হবে জার্মানির হাইডেলবার্গ।
প্রয়োজনীয় নথিপত্র
- জীবনবৃত্তান্ত বা সিভি, যাতে শীর্ষ ১০টি প্রকাশনার তালিকা থাকতে হবে;
- সর্বোচ্চ এক পৃষ্ঠার কভার লেটার;
- ডক্টরাল বা পিএইচডি সনদের অনুলিপি;
- নির্ধারিত টেমপ্লেট অনুযায়ী প্রস্তুত করা গবেষণা প্রকল্পের বিস্তারিত বিবরণ;
- দুজন রেফারির তথ্য।
এ ছাড়া সাউথ এশিয়া ইনস্টিটিউটের কোনো সদস্যের রেফারেন্স লেটার যুক্ত করা যাবে। তবে এটি বাধ্যতামূলক নয়।
আবেদন করবেন যেভাবে
অনলাইনে আবেদন করতে হবে। ভিসাসংক্রান্ত জটিলতা এড়াতে এবং প্রয়োজনীয় সহযোগিতার জন্য সাউথ এশিয়া ইনস্টিটিউটের দিল্লি অফিস সহায়তা দেবে।
আবেদনপদ্ধতি, যোগ্যতা ও অন্যান্য বিস্তারিত তথ্য জানতে হাইডেলবার্গ ইউনিভার্সিটির সাউথ এশিয়া ইনস্টিটিউটের ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১ ডিসেম্বর ২০২৬।



