সন্দেহজনক লেনদেনে নজরদারি বাড়াল কুয়েত
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৬
অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন ঠেকাতে স্বর্ণ, মূল্যবান ধাতু ও রিয়েল এস্টেট খাতে নতুন করে কঠোর নিয়ম চালু করেছে কুয়েত। নতুন বিধানের আওতায় এসব খাতের ব্যবসায়ীদের গ্রাহক ও প্রকৃত মালিকানা বা ‘বেনিফিশিয়াল ওনার’ সম্পর্কে বিস্তারিত তথ্য যাচাই করতে হবে।
কুয়েতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী ওসামা খালেদ বুদাইয়ের জারি করা নতুন সিদ্ধান্তে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, স্বর্ণ ও মূল্যবান পাথরের ব্যবসায়ীদের গ্রাহকের পরিচয় ও প্রকৃত মালিকানা যাচাইয়ের পাশাপাশি সন্দেহজনক লেনদেন শনাক্ত করতে হবে। এ ছাড়া ঝুঁকির মাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা, প্রয়োজনীয় নথি সংরক্ষণ এবং কর্মীদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্বও ব্যবসায়ীদের ওপর দেওয়া হয়েছে।
রিয়েল এস্টেট খাতেও একই ধরনের কড়াকড়ি আরোপ করা হয়েছে। সম্পত্তি কেনাবেচা বা লেনদেনের ক্ষেত্রে প্রকৃত ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানা ও নিয়ন্ত্রণ কাঠামো সম্পর্কে নিশ্চিত হতে হবে। কোনো সন্দেহজনক লেনদেন শনাক্ত হলে তা কুয়েত ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে জানাতে হবে।
এ ছাড়া রিয়েল এস্টেট ব্রোকার ও মধ্যস্থতাকারীদের লেনদেন-সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি দীর্ঘ সময় সংরক্ষণ করতে হবে।
কর্তৃপক্ষের লক্ষ্য, স্বর্ণ ও রিয়েল এস্টেটের মতো বড় অঙ্কের অর্থের লেনদেন হয় এমন খাতকে ব্যবহার করে কেউ যেন অবৈধ অর্থ বৈধ করার সুযোগ না পায়। নতুন নিয়মের ফলে ব্যবসায়ীদের শুধু লেনদেন সম্পন্ন করলেই হবে না; কার সাথে ব্যবসা করছেন, অর্থের উৎস কী এবং লেনদেনটি অস্বাভাবিক কি না—এসব বিষয়েও বাড়তি নজর দিতে হবে।



