গ্রিন কার্ড স্পনসরে নতুন নিয়ম, ক্রেডিট তথ্য যাচাই করতে পারবে ইউএসসিআইএস

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৬

আমেরিকায় পরিবারের সদস্যকে গ্রিন কার্ডের জন্য স্পনসর করার নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)। নতুন ব্যবস্থায় অ্যাফিডেভিট অব সাপোর্ট জমা দেওয়া স্পনসরের ক্রেডিট-সংক্রান্ত তথ্য কনজিউমার রিপোর্টিং এজেন্সির কাছ থেকে সংগ্রহ করতে পারবে সংস্থাটি।

নতুন ব্যবস্থাটি ৩১ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হয়েছে। ফলে যারা এখন পরিবারের সদস্যের গ্রিন কার্ডের জন্য অ্যাফিডেভিট অব সাপোর্ট জমা দিচ্ছেন, তাদের জন্য বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

পরিবর্তনটি মূলত ফর্ম আই-৮৬৪, অর্থাৎ অ্যাফিডেভিট অব সাপোর্টকে ঘিরে। আমেরিকায় কোনো পরিবারের সদস্যকে স্থায়ীভাবে বসবাসের জন্য স্পনসর করার ক্ষেত্রে এই ফর্মে স্বাক্ষর করে স্পনসরকে ওই অভিবাসীর আর্থিক দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করতে হয়।

নতুন ফর্মে যুক্ত করা হয়েছে একটি প্রাইভেসি রিলিজ বা তথ্য সংগ্রহের অনুমতিসংক্রান্ত ধারা। এর মাধ্যমে ইউএসসিআইএস এক বা একাধিক কনজিউমার রিপোর্টিং এজেন্সির কাছ থেকে স্পনসরের তথ্য চাইতে পারবে। তবে সংস্থাটি জানিয়েছে, এসব তথ্য কীভাবে বা কোন পরিস্থিতিতে ব্যবহার করা হবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা এখনো প্রকাশ করা হয়নি।

আইনগত দায়িত্ব রয়েছে স্পনসরের

অ্যাফিডেভিট অব সাপোর্ট শুধু একটি সাধারণ ফর্ম নয়। ইউএসসিআইএসের নিয়ম অনুযায়ী, এটি স্পনসর ও আমেরিকা সরকারের মধ্যে একটি আইনগতভাবে কার্যকর চুক্তি। এর মাধ্যমে স্পনসর নির্দিষ্ট শর্তে স্পনসর করা অভিবাসীর আর্থিক সহায়তার দায়িত্ব নেন।

স্পনসরকে সাধারণত নির্দিষ্ট আয়ের যোগ্যতা পূরণ করতে হয়। কেউ নির্ধারিত আয়সীমা পূরণ করতে না পারলে যোগ্য জয়েন্ট স্পনসর ব্যবহারের সুযোগ রয়েছে। জয়েন্ট স্পনসরকেও নিজস্ব আয়ের ভিত্তিতে প্রয়োজনীয় আর্থিক যোগ্যতা পূরণ করতে হয়।

স্পনসরশিপের দায়িত্বও দীর্ঘমেয়াদি হতে পারে। সাধারণভাবে স্পনসর করা ব্যক্তি আমেরিকার নাগরিক হওয়া, ৪০টি কোয়ালিফাইং কোয়ার্টারের কাজের ক্রেডিট অর্জন করা, স্থায়ীভাবে আমেরিকা ছেড়ে যাওয়া বা নির্দিষ্ট অন্য কোনো পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত এই দায়িত্ব বহাল থাকতে পারে। শুধু বিবাহবিচ্ছেদ হলে স্পনসরশিপের দায়িত্ব শেষ হয় না।

বাড়তে পারে আর্থিক যাচাই

নতুন ক্রেডিট-তথ্য যাচাইয়ের সুযোগ ভবিষ্যতে গ্রিন কার্ড স্পনসরদের আর্থিক সক্ষমতা মূল্যায়নে আরও তথ্য ব্যবহারের পথ তৈরি করতে পারে। তবে বর্তমানে ইউএসসিআইএস প্রতিটি স্পনসরের ক্রেডিট রিপোর্ট কীভাবে বা কোন পরিস্থিতিতে ব্যবহার করবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেয়নি।

তাই গ্রিন কার্ডের জন্য পরিবারের সদস্যকে স্পনসর করতে যাওয়া ব্যক্তিদের ফর্ম আই-৮৬৪-এর সর্বশেষ সংস্করণ এবং ইউএসসিআইএসের হালনাগাদ নির্দেশনা অনুসরণ করা গুরুত্বপূর্ণ।