ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল আমেরিকান দূতাবাস ঢাকা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৬

আমেরিকার B1/B2 ভিজিটর ভিসা অস্থায়ী ভ্রমণের জন্য ব্যবহার করা হয়। সাধারণত স্বল্পমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম, পর্যটন, অবকাশযাপন ও চিকিৎসার মতো নির্দিষ্ট প্রয়োজনে এ ভিসা দেওয়া হয়। তবে এই ভিসায় গিয়ে কিছু নির্দিষ্ট কার্যক্রম করার অনুমতি নেই বলে বাংলাদেশিদের সতর্ক করেছে আমেরিকান দূতাবাস ঢাকা।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় আমেরিকান দূতাবাস ঢাকার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে B1/B2 ভিজিটর ভিসায় কোন কোন কার্যক্রম অনুমোদিত নয়, তা জানানো হয়।

পোস্টে বলা হয়, B1/B2 ভিজিটর ভিসায় যেসব কার্যক্রম করা যাবে না—

১. বার্থ ট্যুরিজম—শিশুর আমেরিকান নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে আমেরিকায় গিয়ে সন্তান জন্ম দেওয়া।

২. আমেরিকার কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায় এমন কাজ করা।

৩. ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা।

৪. পারিশ্রমিকের বিনিময়ে কাজ করা।

আমেরিকার B1/B2 ভিজিটর ভিসা দেশটিতে নির্দিষ্ট ও সীমিত সময়ের অস্থায়ী ভ্রমণের জন্য দেওয়া হয়। তাই এই ভিসার শর্তের বাইরে কোনো কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ নেই।

সাধারণত ব্যবসায়িক কাজে ভ্রমণের জন্য B1 ভিসা এবং পর্যটন ও চিকিৎসাসংক্রান্ত ভ্রমণের জন্য B2 ভিসা দেওয়া হয়। ব্যবসায়িক ও পর্যটন—দুই ধরনের ভ্রমণের প্রয়োজন থাকলে B1/B2 ভিজিটর ভিসা দেওয়া হয়।

এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশি শিক্ষার্থীদেরও সতর্ক করেছিল আমেরিকান দূতাবাস ঢাকা।