ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা, ভিসা দালালের ফাঁদে পড়বেন না
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৬
ভিসা আবেদনকারীদের অবৈধ এজেন্ট ও দালালদের বিষয়ে সতর্ক করেছে ঢাকায় ভারতীয় হাইকমিশন। দালালদের প্রলোভনে পড়ে অর্থ, প্রয়োজনীয় নথি বা ব্যক্তিগত তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছে হাইকমিশন।
হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিসা দালালরা বিভিন্ন ধরনের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আবেদনকারীদের সাথে প্রতারণা করছে। দ্রুত ভিসা পাওয়া, নিশ্চিত সাক্ষাৎকারের সময় বা ভিসা পাওয়ার নিশ্চয়তার মতো ভুয়া আশ্বাস দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।
এ ধরনের প্রতারণার ফলে আবেদনকারীরা অর্থ, সময় ও গুরুত্বপূর্ণ নথি হারাতে পারেন বলে সতর্ক করেছে হাইকমিশন।
আবেদনকারীদের কোনো অবস্থাতেই অবৈধ এজেন্টের কাছে অর্থ বা নথি জমা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একইভাবে, ব্যক্তিগত তথ্যও তাদের সাথে শেয়ার না করতে বলা হয়েছে। বিশেষ করে ট্রানজিট ভিসার আবেদনকারীদের সরাসরি সরকারি প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করার পরামর্শ দিয়েছে ভারতীয় হাইকমিশন।
হাইকমিশন জানিয়েছে, ভিসার জন্য আবেদনকারীদের কেবল সরকারি ওয়েবসাইট ও অনুমোদিত ভিসা আবেদনকেন্দ্রের মাধ্যমে আবেদন করা উচিত। এতে প্রতারণার ঝুঁকি কমবে এবং আবেদনকারীরা নিরাপদে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
বিজ্ঞপ্তির শেষে আবেদনকারীদের সতর্ক ও নিরাপদ থাকার আহ্বান জানিয়েছে ভারতীয় হাইকমিশন।



