অস্ট্রিয়ায় রেসিডেন্স ও ওয়ার্ক পারমিটে ২৪ মাসের সুযোগ
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৬
অস্ট্রিয়ায় বিদেশি নাগরিকদের বসবাস ও কাজের জন্য রেড-হোয়াইট-রেড কার্ডের আওতায় নতুন সুযোগ রয়েছে। নির্দিষ্ট শর্ত পূরণ করলে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর নাগরিকরা এই কার্ডের মাধ্যমে অস্ট্রিয়ায় বসবাস ও কাজের অনুমতি পাবেন।
রেড-হোয়াইট-রেড কার্ড অস্ট্রিয়ার অন্যতম প্রধান রেসিডেন্স ও ওয়ার্ক পারমিট। কার্ডটি সাধারণত ২৪ মাসের জন্য বৈধ থাকে। তবে এটি নির্দিষ্ট নিয়োগকর্তার সাথে যুক্ত থাকায় কার্ডধারীকে সংশ্লিষ্ট নিয়োগকর্তার অধীনেই কাজ করতে হয়। কার্ডধারীর পরিবারের সদস্যরা রেড-হোয়াইট-রেড কার্ড প্লাসের জন্য আবেদন করতে পারেন।
অস্ট্রিয়ার নিয়ম অনুযায়ী, সাত শ্রেণির বিদেশি নাগরিক এই কার্ডের জন্য আবেদন করতে পারেন। এগুলো হলো—
১. অত্যন্ত দক্ষ কর্মী
২. সংকটপূর্ণ পেশায় দক্ষ কর্মী
৩. অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মী
৪. অস্ট্রিয়ার বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক
৫. পর্যটন, কৃষি ও বনজ খাতের নিয়মিত কর্মী
৬. স্বনিযুক্ত গুরুত্বপূর্ণ কর্মী
৭. স্টার্ট-আপ প্রতিষ্ঠাতা
প্রতিটি শ্রেণির জন্য আলাদা যোগ্যতা ও শর্ত রয়েছে। আবেদনকারীদের সংশ্লিষ্ট শ্রেণির নির্ধারিত মানদণ্ড পূরণ করতে হয়।
অস্ট্রিয়ার অভিবাসন ব্যবস্থায় দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা ও ভাষাজ্ঞানের মতো বিষয় বিবেচনায় পয়েন্ট দেওয়া হয়। এই ব্যবস্থার মাধ্যমে ইউরোপের বাইরের দেশগুলো থেকে দক্ষ কর্মী আকর্ষণের পাশাপাশি দেশটির শ্রমবাজারে প্রয়োজনীয় জনশক্তির চাহিদা পূরণের চেষ্টা করছে অস্ট্রিয়া।
ছয় মাসের কম সময় অস্ট্রিয়ায় অবস্থান করতে চাইলে সাধারণত সংশ্লিষ্ট ভিসা প্রয়োজন হয়। ৯০ দিনের কম সময়ের জন্য কিছু দেশের নাগরিকদের ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ রয়েছে। তবে দীর্ঘমেয়াদি বসবাস ও কাজের জন্য প্রয়োজনীয় রেসিডেন্স পারমিট নিতে হয়।
নির্দিষ্ট শর্ত পূরণ করলে বিদেশিরা ছয় বছর বৈধভাবে বসবাসের পর নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগও পেতে পারেন। তবে এ ক্ষেত্রে আলাদা যোগ্যতা ও অন্যান্য আইনগত শর্ত প্রযোজ্য।
রেড-হোয়াইট-রেড কার্ডের মাধ্যমে দক্ষ বিদেশি কর্মীদের জন্য অস্ট্রিয়ায় দীর্ঘমেয়াদে বসবাস ও কাজের সুযোগ তৈরি হয়েছে। তবে আবেদন করার আগে সংশ্লিষ্ট শ্রেণির যোগ্যতা ও শর্ত ভালোভাবে যাচাই করা প্রয়োজন।



