আমেরিকার ভিসা সাক্ষাৎকার বন্ধ, বিপাকে বিদেশি শিক্ষার্থীরা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৬

আমেরিকায় উচ্চশিক্ষার পরিকল্পনা করা বহু বিদেশি শিক্ষার্থী ভিসা জটিলতায় পড়েছেন। ভিসা সাক্ষাৎকারের সময়সূচি সাময়িকভাবে বন্ধ থাকায় অনেকেই নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন না। এতে কেউ কেউ এক শিক্ষাবর্ষ পিছিয়ে পড়ার আশঙ্কায় রয়েছেন।

উচ্চশিক্ষাবিষয়ক এক প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টের শেষ দিকে আমেরিকার পররাষ্ট্র দপ্তর ভিসা সাক্ষাৎকারের সময়সূচি সাময়িকভাবে বন্ধ করে দেয়। ‘জনকল্যাণ ব্যয়ের বোঝা’সংক্রান্ত নতুন বিধিমালা নিয়ে কনস্যুলার কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে সাক্ষাৎকারের সময়সূচি আবার কবে চালু হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময় জানানো হয়নি।

এরই মধ্যে কঠোর নিরাপত্তা যাচাইয়ের কারণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা পেতে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছিল। নতুন করে সাক্ষাৎকার বন্ধ থাকায় আমেরিকার বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করা শিক্ষার্থীদের অনিশ্চয়তা আরও বেড়েছে। বিশেষ করে ভারত ও চীনের শিক্ষার্থীরা এ সমস্যায় বেশি পড়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চাকরি ছেড়ে বিপাকে শিক্ষার্থীরা

ভারতের বেঙ্গালুরুর উচ্চশিক্ষাবিষয়ক বিশেষজ্ঞ বিনীতা পারেখ বলেন, আমেরিকার বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হওয়ার পর অনেক শিক্ষার্থী এরই মধ্যে চাকরি ছেড়ে দিয়েছেন।

তার ভাষ্য, ২০২৬ সালের মে থেকে ভিসা সাক্ষাৎকারের সময় পাওয়ার চেষ্টা করেও অনেক শিক্ষার্থী সময়মতো সাক্ষাৎকারের সুযোগ পাননি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হওয়ার পর কেউ চাকরি ছেড়েছেন, কেউ শিক্ষাঋণের ব্যবস্থা করেছেন, আবার কেউ বিদেশে যাওয়ার অন্যান্য প্রস্তুতিও শেষ করেছেন।

এক শিক্ষাবর্ষ পিছিয়ে যাওয়ার শঙ্কা

কিছু আমেরিকান বিশ্ববিদ্যালয় শিক্ষাবর্ষ শুরুর নির্ধারিত সময়ের সাত থেকে ১২ দিন পরও আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্যাম্পাসে যোগ দেওয়ার সুযোগ দিচ্ছে। তবে এ সময়ের মধ্যেও যারা ভিসা সাক্ষাৎকারের সুযোগ পাবেন না, তাদের ভর্তি পরবর্তী শিক্ষাবর্ষে পিছিয়ে দিতে হতে পারে।

এই অনিশ্চয়তার কারণে অনেক ভারতীয় শিক্ষার্থী আমেরিকার পরিবর্তে অন্যান্য দেশে পড়াশোনার সুযোগ খুঁজছেন। যুক্তরাজ্য, ইউরোপের বিভিন্ন দেশ, দক্ষিণ কোরিয়া ও জাপান তাদের বিকল্প গন্তব্য হিসেবে গুরুত্ব পাচ্ছে।

বিনীতা পারেখ বলেন, ভারতীয় শিক্ষার্থীরা এখন আর স্বাভাবিকভাবে আমেরিকাকেই প্রথম পছন্দ হিসেবে ধরে নিচ্ছেন না। তারা অন্যান্য দেশের সুযোগও বিবেচনা করছেন।

আমেরিকার বিকল্প খুঁজছেন শিক্ষার্থীরা

আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সেন্টার গোয়ার পরিচালক পুষ্কর বলেন, কর্মসংস্থান, তুলনামূলক বেশি বেতন এবং ভবিষ্যতে আমেরিকায় স্থায়ী হওয়ার সুযোগের কারণে দেশটি দীর্ঘদিন ধরে ভারতীয় শিক্ষার্থীদের অন্যতম প্রধান গন্তব্য ছিল। তবে এখন সেই পথ আরও কঠিন হয়ে উঠেছে।

তার মতে, শিক্ষার্থীরা এখন অন্য দেশের দিকে ঝুঁকছেন। বিশেষ করে জার্মানি ও ফ্রান্সের মতো দেশগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যেখানে নাগরিকত্ব পাওয়ার পথ তুলনামূলকভাবে স্পষ্ট।

তবে শিক্ষা-পরামর্শক প্রতিষ্ঠানের প্রধান রিচার্ড কাওয়ার্ড মনে করেন, শক্তিশালী অর্থনীতি ও কর্মসংস্থানের সুযোগের কারণে আমেরিকা আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় গন্তব্য হিসেবেই থাকবে। তার মতে, কোন দেশে পড়তে যাবেন—এ সিদ্ধান্তের ক্ষেত্রে ভবিষ্যৎ কর্মজীবনের সুযোগ এখন শিক্ষার্থীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি।

চীনা শিক্ষার্থীরাও বিপাকে

ভিসা জটিলতার প্রভাব পড়েছে চীনা শিক্ষার্থীদের ওপরও। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, কিছু চীনা শিক্ষার্থীকে ভিসা জটিলতার কারণে আগামী বছর পর্যন্ত ভর্তি পিছিয়ে দিতে হতে পারে।

তবে চীনা শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘমেয়াদি আরেকটি পরিবর্তনও দেখা যাচ্ছে। অনেকেই এখন নিজের দেশের কাছাকাছি গন্তব্যে পড়াশোনার সুযোগ খুঁজছেন। বিশেষ করে জাপানসহ এশিয়ার বিভিন্ন দেশ আগের তুলনায় তাদের কাছে বেশি আকর্ষণীয় হয়ে উঠছে।

 

সূত্র: দৈনিক শিক্ষা ডটকম