বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের সৌদিতে গবেষণার সুযোগ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৬
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বিনা খরচে ছয় সপ্তাহের মাইক্রোইলেকট্রনিকস উইন্টার ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএইউএসটি)। এ কর্মসূচিতে নির্বাচিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থেকে মাইক্রোইলেকট্রনিকস বিষয়ে গবেষণা প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন। আবেদনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর ২০২৬।
গবেষণার সময়কাল
মাইক্রোইলেকট্রনিকস উইন্টার ক্যাম্প ২০২৭ সালের ৪ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। ছয় সপ্তাহের এ কর্মসূচিতে নির্বাচিত শিক্ষার্থীরা কেএইউএসটির ক্যাম্পাসে অবস্থান করে আধুনিক মাইক্রোইলেকট্রনিকস বিষয়ে গবেষণার সুযোগ পাবেন।
যেসব সুবিধা মিলবে
কর্মসূচিতে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য বেশ কিছু সুবিধা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে—
- জীবনযাত্রার খরচ মেটাতে মাসিক স্টাইপেন্ড;
- আবাসন সুবিধা;
- বিমানে আসা-যাওয়ার খরচ;
- ভিসা সংক্রান্ত সহায়তা;
- অত্যাধুনিক গবেষণাগার ও গবেষণা সরঞ্জাম ব্যবহারের সুযোগ।
আবেদনের যোগ্যতা
যেকোনো দেশের শিক্ষার্থী এ কর্মসূচির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের—
- সাম্প্রতিক স্নাতক, স্নাতকের শেষ পর্যায়ের শিক্ষার্থী অথবা বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত হতে হবে;
- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা করতে হবে বা ডিগ্রি থাকতে হবে;
- ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে। সিজিপিএ ৪-এর মধ্যে কমপক্ষে ৩.৫ থাকতে হবে;
- ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
আবেদনপ্রক্রিয়া
অনলাইনে এ কর্মসূচির জন্য আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, প্রয়োজনীয় নথি ও অন্যান্য বিস্তারিত তথ্য জানতে কেএইউএসটির নির্ধারিত ওয়েবসাইটে যেতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬।



