নেটফ্লিক্সে বেতনসহ ইন্টার্নশিপ, সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদেরও

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৬

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬ সালের ইন্টার্নশিপ কর্মসূচি চালু করেছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। প্রযুক্তি, ব্যবসা, বিনোদন, কনটেন্ট, কৌশল, বিপণন ও প্রোগ্রাম ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিভাগে ইন্টার্নশিপের সুযোগ রয়েছে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা যোগ্যতা অনুযায়ী এসব পদের জন্য আবেদন করতে পারবেন।

নেটফ্লিক্সের ইন্টার্নশিপ সাধারণত ১২ সপ্তাহের গ্রীষ্মকালীন কর্মসূচি। আমেরিকা, ভারত, পোল্যান্ড ও জাপানে এসব ইন্টার্নশিপের সুযোগ রয়েছে। বেশির ভাগ পদ ইঞ্জিনিয়ারিং এবং ডেটা ও ইনসাইটস বিভাগে হলেও অন্যান্য বিভাগেও ইন্টার্নশিপের সুযোগ রয়েছে।

বাস্তব প্রকল্পে কাজের সুযোগ

ইন্টার্নরা নেটফ্লিক্সের বিভিন্ন দলের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ পাবেন। তাঁদের বাস্তব প্রকল্পে যুক্ত করা হবে, যার মাধ্যমে পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি নেটফ্লিক্সের কাজের পরিবেশ ও কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকবে।

এ ছাড়া অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে পরামর্শ ও মেন্টরশিপ পাওয়ার সুযোগ রয়েছে। প্রযুক্তি ও বিনোদনশিল্প সম্পর্কে জ্ঞান বাড়াতে ইন্টার্নরা বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রমেও অংশ নিতে পারবেন।

কারা আবেদন করতে পারবেন

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এসব ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। পদভেদে স্নাতক, স্নাতকোত্তর কিংবা ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থীদের যোগ্যতা বিবেচনা করা হবে।

তবে প্রতিটি পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও অন্যান্য শর্ত রয়েছে। নির্বাচিত ইন্টার্নদের সংশ্লিষ্ট দেশের কর্মস্থলে গিয়ে কাজ করতে হবে। সাধারণত পুরো ১২ সপ্তাহের কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য প্রার্থীদের প্রস্তুত থাকতে হবে।

ইন্টার্নশিপ হবে বেতনসহ

নেটফ্লিক্সের ইন্টার্নশিপগুলো বেতনসহ এবং সাধারণত কমপক্ষে ১২ সপ্তাহের। ইন্টার্নরা প্রতিষ্ঠানের পূর্ণকালীন কর্মীদের মতো কাজের পরিবেশের অভিজ্ঞতা পাবেন। তাঁদের আগ্রহ ও দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দল ও প্রকল্পে যুক্ত করা হবে।

আবেদন করবেন যেভাবে

নেটফ্লিক্সের ওয়েবসাইটের মাধ্যমে এসব ইন্টার্নশিপের জন্য আবেদন করতে হবে। পদভেদে যোগ্যতা, কর্মস্থল, আবেদনের সময়সীমা ও অন্যান্য শর্ত আলাদা হতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের বিস্তারিত তথ্য ও যোগ্যতার শর্ত দেখে নেওয়া প্রয়োজন।